রবিবার, অক্টোবর ১১, ২০২৬

ত নু শ্রী

  • দশপ্রহরণধারিনী
  • ২০২৬-১০-১০ ০৯:৪৭:৩৮

অবহেলা! মাড়িয়ে এসেছো সেই কবে!
পিচ্ছিল ভালোবাসা থেকে 
ছিটকে পড়েছো তুমি 
ঘৃনার পাঁকেতে কতবার!
তারপরও আঁধারের পথ দিয়ে 
হেঁটে গেছো অনেকটা পথ!
বাতাসে উড়েছে থুতু...
তপ্ত বালির ঝড়ে
পথচলা হয়ে গেছে শ্লথ!
এখন এসেছো চলে শুক্ তারাটার কাছাকাছি! 
এখন দুচোখ জুড়ে 
সূর্য এঁকেছে দুই নক্ষত্র পালক...!
বলো তুমি নারী...
"এখন তো উড়ে যেতে পারি
এখন তো অশ্রুতে বানাতে পারি শরৎ শিশির!
নীলপদ্ম হতে পারি কষ্টের নীল রং নিয়ে!
এখন বলছো কে
পরাবে গলায় মোর
বরণের মালা?
এখন আর কতটুকু পথ!
এখন বিষাক্ত সব খোলসের পাশে 
যত্নে রেখেছি আমি 
দশপ্রহরণের শপথ।"
 


এ জাতীয় আরো খবর