শনিবার, অক্টোবর ১০, ২০২৬

নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১০-০৯ ২০:০৮:৪৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সুরক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত আইনজ্ঞ নাভানেথেম নাভি পিল্লাই। শুক্রবার নরওয়ের রাজধানী ওসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে।
নোবেল কমিটি জানায়, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ৮৫ বছর বয়সী পিল্লাই। আন্তর্জাতিক আইন ও বিচারব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি শান্তিপূর্ণভাবে সংঘাত নিরসনের পক্ষে তাঁর দীর্ঘদিনের ভূমিকা এ স্বীকৃতির ভিত্তি।
কমিটির বিবৃতিতে বলা হয়, বিশ্বে যুদ্ধ ও সংঘাত বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও বিচারিক প্রতিষ্ঠানগুলোও চাপের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে শক্তির বদলে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করা শান্তির জন্য অপরিহার্য।
বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় নেলসন ম্যান্ডেলাসহ বিভিন্ন অধিকারকর্মীর পক্ষে আইনগত লড়াই করেছেন পিল্লাই। পরে তিনি রুয়ান্ডার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ আদালত এবং দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ছিলেন।
নোবেল কমিটির মতে, আন্তর্জাতিক বিচারব্যবস্থায় তাঁর অবদান যুদ্ধ ও সহিংসতার শিকার মানুষের ন্যায়বিচার পাওয়ার পথকে শক্তিশালী করেছে। আলফ্রেড নোবেলের শান্তি পুরস্কারসংক্রান্ত অভিপ্রায়ের সঙ্গেও এ স্বীকৃতির সামঞ্জস্য রয়েছে।
এ বছরের পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। আগামী ১০ ডিসেম্বর নরওয়ের ওসলোতে আনুষ্ঠানিক অনুষ্ঠানে পিল্লাইয়ের হাতে পদক, সনদ ও অর্থ তুলে দেওয়া হবে।

নোবেল শান্তি পুরস্কার, নাভি পিল্লাই, আন্তর্জাতিক আইন


এ জাতীয় আরো খবর