সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

ডেমরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান এবং মাদক, সন্ত্রাসবাদ ও কিশোর গ্যাং বিরোধী সভা অনুষ্ঠিত

  • নাজমুল হাসান :
  • ২০২৬-০৯-২৭ ০৯:৫৫:৫২

ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শনিবার সকাল ১০টায়
 এ কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে  এই কর্মসূচিতে সহযোগিতা করে তেজগাঁও উন্নয়ন সার্কেল, ঢাকা।  
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য-৩০২ (সংরক্ষিত মহিলা আসন-২) শিরীন সুলতানা, ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোঃ আজমুল হক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোক্তার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা খানম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব নবী উল্লাহ নবী, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা, ঢাকার ডেপুটি সিভিল সার্জন ডাঃ ফারহানা কবির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব আনোয়ার হোসেন এবং ডেমরা থানার ওসি (অপারেশন) জনাব মোঃ তাইফুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য শিরীন সুলতানা বলেন, "তারুণ্যের শক্তিই আমাদের দেশের আসল সম্পদ। নতুন প্রজন্মকে সামাজিক বিভিন্ন ব্যাধি ও মাদকের বিষাক্ত থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা তাঁর বক্তব্যে বলেন, "প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে দূরে রাখতে খেলাধুলা, সাহিত্য-সংস্কৃতি এবং সামাজিক নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। একটি মেধাভিত্তিক ও দক্ষ সমাজ গড়তে মাদকমুক্ত পরিবেশ সৃষ্টির কোনো বিকল্প নেই। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে আমাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার বংশবৃদ্ধি রোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।"
অন্যান্য অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে মাদকের অপব্যবহার রোধে আইনি পদক্ষেপের পাশাপাশি পারিবারিক মূল্যবোধ জোরদার করা এবং যুবসমাজকে পড়াশোনা ও খেলাধুলায় উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়া তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছবল, সন্ত্রাসবাদ এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা খানম বলেন, "একটি সুশৃঙ্খল ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণদের সঠিক পথে পরিচালিত করতে এবং সমাজের সর্বস্তরে সচেতনতা ছড়িয়ে দিতে আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা একটি মাদকমুক্ত ও আদর্শ ঢাকা জেলা গড়ে তুলতে সক্ষম হব।"
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। দিনব্যাপী এ কর্মসূচির সফল বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ অবদান রাখতে দেখা যায়।


এ জাতীয় আরো খবর