স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে।
সহকারী সার্জন পদে আবেদনের জন্য এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে বিডিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। সাধারণ প্রার্থীদের আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। প্রার্থী বাছাইয়ে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে।
বিশেষ বিসিএস, চিকিৎসক নিয়োগ, স্বাস্থ্য ক্যাডার