শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় যুব রেড ক্রিসেন্টের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

  • এম আর অভি,
  • ২০২৬-০৯-২৬ ২১:৪৬:০৩

বরগুনা প্রতিনিধি:ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বরগুনায় বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক প্রচারাভিযান ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের যুব রেড ক্রিসেন্ট। ২৬ সেপ্টেম্বর ২০২৬ , শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচিতে প্রায় ১৫০ জন যুব সদস্য অংশগ্রহণ করেন । এতে বরগুনা ইউনিটের যুব সদস্যদের পাশাপাশি বরগুনা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় ও রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতনের যুব রেড ক্রিসেন্ট সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচির উদ্বোধনী পর্বে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক এর নেতৃত্বে র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব ও আজীবন সদস্য হুমায়ূন হাসান শাহিন, বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এবিএম গোলাম হায়দার নীলু, সদস্য এজেডএম সালেহ ফারুক, নাসির উদ্দিন মোল্লা, মীর সানাউল হক, ইউনিট লেভেল অফিসার এমএ করিম, যুব প্রধান মো: সজিব হোসেন সহ যুব কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ । র‌্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেন। এ সময় ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতা, নিয়মিত বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের গুরুত্ব তুলে ধরা হয়। র‌্যালি পরবর্তী সময়ে যুব সদস্যদের বিভিন্ন দলে বিভক্ত করে বরগুনা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমপূর্ণ স্থান ও বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের টাউন হল এলাকা, মাছ বাজার ও কাঁচা বাজার, নজরুল ইসলাম সড়ক, হাসপাতাল সড়ক, কলেজ রোড, লাকুরতলা টাউন হল ব্রিজ, থানাপাড়া, ডিসি অফিস ও হাসপাতাল এলাকা, আমতলাপাড়া, চরকলোণীসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে যুব সদস্যরা বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিতকরণ এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
কর্মসূচিটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে যুব রেড ক্রিসেন্টের বিভিন্ন টিমের সদস্যরা নির্ধারিত দায়িত্ব পালন করেন। র‌্যালি, ট্রাফিক ব্যবস্থাপনা, রেজিস্ট্রেশন, মিডিয়া ও এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রমে যুব সদস্যরা সমন্বিতভাবে কাজ করেন। এ সময় যুব রেড ক্রিসেন্টের নেতৃত্বে তরুণ স্বেচ্ছাসেবকদের সম্মিলিত অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। আয়োজন সম্পর্কে যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের যুব প্রধান মো: সজিব হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রম কেবল একটি দিনের উদ্যোগে সীমাবদ্ধ না রেখে নিয়মিত সামাজিক আন্দোলনে পরিণত করা প্রয়োজন। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে জনস্বাস্থ্য সুরক্ষা ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি একটি পরিচ্ছন্ন, সচেতন ও ডেঙ্গুমুক্ত বরগুনা গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের যুব রেড ক্রিসেন্টের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত সামাজিক অংশগ্রহণকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা ।

 


এ জাতীয় আরো খবর