সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

দুই শহরে পৃথক বন্দুক হামলা,দক্ষিণ আফ্রিকায় নিহত ২৭

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৯-২৭ ২২:০৯:০৭
ছবি: সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউনে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার রাত থেকে রোববার ভোরের মধ্যে সংঘটিত এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। রোববার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
জোহানেসবার্গের পশ্চিমে ওয়েডেলায় শনিবার রাতে একটি পানশালায় ঢুকে আটজন বন্দুকধারী গুলি চালালে ১৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও চারজন নারী। এ ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীরা প্রথমে পানশালার বাইরে বসে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা ভেতরে ঢুকে নির্বিচারে গুলি ছোড়ে। পালিয়ে যাওয়ার আগে সন্দেহভাজনরা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় পুলিশের উপকমিশনার ফ্রেড কেকানা জানিয়েছেন, হামলায় জড়িতদের কয়েকজনের ছবি পুলিশের হাতে এসেছে এবং তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত মাসে একই পানশালায় ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের সঙ্গে এবারের হামলার সম্ভাব্য যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে রোববার ভোরে কেপটাউনের বাইরে একটি জনপদের বিনোদনকেন্দ্রে আরেকটি বন্দুক হামলায় ১০ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। গুলির আগে সেখানে মানুষজন নাচ-গান ও পানাহারে ব্যস্ত ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুরু হলে প্রাণ বাঁচাতে অনেকে ছুটে পালান। ঘটনাস্থলেই পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও পাঁচজনের মৃত্যু হয়।
দুই হামলার কোনো ঘটনাতেই রোববার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। দেশটিতে অবৈধ ও বৈধ আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা এবং বিভিন্ন অপরাধী গোষ্ঠীর বিরোধের কারণে বন্দুক সহিংসতা দীর্ঘদিনের উদ্বেগের বিষয় হয়ে আছে।
প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষের দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে প্রায় ৬০টি হত্যাকাণ্ড ঘটে। সহিংস অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তার জন্য বিভিন্ন সময়ে দেশটির সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। জোহানেসবার্গের সহিংসতাপ্রবণ এলাকাতেও সেনা মোতায়েন করা হয়েছে।
এর মধ্যেই গত সপ্তাহে ডারবানের একটি জনপদে বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে বন্দুক হামলায় ১১ জন নিহত হন। ধারাবাহিক এসব ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জোহানেসবার্গের একটি পৌর এলাকায় গত দুই মাসে ১০ নারী নিহত হওয়ার ঘটনাও সামগ্রিক সহিংসতার চিত্রকে আরও স্পষ্ট করেছে।

দক্ষিণ আফ্রিকা, বন্দুক হামলা, জোহানেসবার্গ


এ জাতীয় আরো খবর