সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

উত্তর প্রদেশে ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে তিন দিনে ৫৬ মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৯-২৭ ২১:৫৩:০০
ছবি: সংগৃহীত।

ভারতের উত্তর প্রদেশে টানা ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসে গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
রাজ্যের বিস্তীর্ণ এলাকায় অস্বাভাবিক ভারি বৃষ্টির সময় এসব প্রাণহানির ঘটনা ঘটে। এতে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তর প্রদেশে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অথচ একই সময়ে মৌসুমের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।
কর্তৃপক্ষ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ স্থলভাগে উঠে আরও শক্তিশালী হয়ে ওঠে। এর প্রভাবে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা বেড়ে যায়। বন্যার পাশাপাশি কোথাও কোথাও ভূমিধসের ঘটনাও ঘটে।
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ২৪ কোটির বেশি মানুষের বসবাস। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বৃষ্টির সময়ে রাজ্যটিতে ভারি বর্ষণ, বজ্রঝড় ও বজ্রপাতের ঘটনা প্রায়ই ঘটে।
ভারতের আবহাওয়া বিভাগ সাম্প্রতিক বছরগুলোতে তীব্র বজ্রঝড়, বজ্রপাতসহ বিভিন্ন ধরনের চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ুর পরিবর্তিত ধরণ এ ধরনের দুর্যোগের তীব্রতার সঙ্গে সম্পর্কিত।

উত্তর প্রদেশ, বন্যা, ভূমিধস


এ জাতীয় আরো খবর