মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

২৮ বছর পর গারভাঘি রোডে মিছিল,উত্তেজনায় জড়ো হাজারো মানুষ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৯-২৭ ২২:০৩:০৭
ছবি: সংগৃহীত।

উত্তর আয়ারল্যান্ডের পোর্টাডাউনে বিতর্কিত অরেঞ্জ অর্ডারের মিছিলকে কেন্দ্র করে রোববার তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ২৮ বছর পর প্রথমবারের মতো প্রধানত ক্যাথলিক ও জাতীয়তাবাদী অধ্যুষিত গারভাঘি রোড দিয়ে মিছিলের অনুমতি দেওয়ায় এর বিরোধিতায় সেখানে জড়ো হয়েছেন হাজারো মানুষ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন। বিবিসিকে তিনি বলেন, উত্তর আয়ারল্যান্ডে গত কয়েক দশকে বড় ধরনের অগ্রগতি হয়েছে এবং পরিস্থিতি যাতে আবার পেছনের দিকে না যায়, সে জন্য সব পক্ষকে শান্ত থাকতে হবে। 
উত্তর আয়ারল্যান্ডের মিছিল নিয়ন্ত্রণকারী স্বাধীন সংস্থা মিছিল কমিশন সর্বোচ্চ ৩৫ জন সদস্যকে রোববার সকাল ৮টার মধ্যে গারভাঘি রোড দিয়ে নীরবে যাওয়ার অনুমতি দিয়েছে। মিছিলের সঙ্গে কোনো বাদ্যদল বা সমর্থক থাকার অনুমতি নেই। আদালতের একাধিক শুনানির পর শেষ পর্যন্ত মিছিলের পথ খোলা থাকে। 
এর আগে শনিবার বেলফাস্টের উচ্চ আদালত সাময়িকভাবে মিছিল স্থগিত করেছিলেন। বিচারক সতর্ক করেছিলেন, দীর্ঘদিনের এই বিরোধ উত্তর আয়ারল্যান্ডজুড়ে উত্তেজনা বাড়াতে পারে। তবে মধ্যরাতের পর আপিল আদালত ওই স্থগিতাদেশ বাতিল করেন। পরে আদালত কমিশনের সিদ্ধান্ত বহাল রাখার পথ পরিষ্কার করে দেয়।
রোববার ভোরে গারভাঘি রোড এলাকায় প্রায় দুই হাজার মানুষ পাল্টা প্রতিবাদে অংশ নেন। বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মীও মোতায়েন করা হয়। পুলিশ ড্রামক্রি গির্জার কাছে অরেঞ্জ অর্ডারের সমাবেশ নিয়ন্ত্রণে রাখে।
গারভাঘি রোডের বিরোধের শিকড় ১৯৯০-এর দশকে। অরেঞ্জ অর্ডারের মিছিলকে কেন্দ্র করে ওই এলাকায় বারবার সংঘর্ষ ও ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। ১৯৯৮ সালের গুড ফ্রাইডে শান্তি চুক্তির পরও গারভাঘি রোড দিয়ে মিছিলের অনুমতি দেওয়া হয়নি। এ বিরোধের সঙ্গে জড়িত ড্রামক্রি গির্জার নাম থেকেই বিষয়টি ড্রামক্রি বিরোধ হিসেবে পরিচিতি পায়।
এবারের অনুমতির বিরোধিতা করেছেন জাতীয়তাবাদী রাজনীতিক ও স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিলও আদালতের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। অন্যদিকে ইউনিয়নপন্থী রাজনীতিকেরা আদালতের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন।
অরেঞ্জ অর্ডার একটি প্রোটেস্ট্যান্ট সংগঠন, যা উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্যের অংশ হিসেবে থাকার সমর্থক। অন্যদিকে গারভাঘি রোডের অধিকাংশ বাসিন্দা জাতীয়তাবাদী ও আয়ারল্যান্ডের সঙ্গে একীভূত হওয়ার পক্ষে থাকা রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত। এই দুই পক্ষের দীর্ঘদিনের মতবিরোধই মিছিলটিকে উত্তর আয়ারল্যান্ডের সবচেয়ে স্পর্শকাতর মিছিলগুলোর একটিতে পরিণত করেছে।

কি-ওয়ার্ড: উত্তর আয়ারল্যান্ড, গারভাঘি রোড, অরেঞ্জ অর্ডার


এ জাতীয় আরো খবর