যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে টানা কয়েক দিনের ভয়াবহ ঝড় ও বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্যোগে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘরবাড়ি ও যোগাযোগব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যাকবলিত অঞ্চল থেকে দুই শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে আরও কয়েক শ মানুষকে।
শনিবার স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে। ইন্ডিয়ানাপোলিস স্টার ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
অঙ্গরাজ্যের গভর্নর মাইক ব্রাউন জানান, মঙ্গলবার থেকে ইন্ডিয়ানাজুড়ে প্রবল ঝড় শুরু হয়। দুর্যোগের সময় টর্নেডোর পাশাপাশি ‘ডেরেচো’ নামে পরিচিত ব্যাপক বিস্তৃত ও শক্তিশালী ঝড়ো বাতাসও আঘাত হানে। এতে বিভিন্ন এলাকায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৫৮ বছর বয়সী এক নারী রয়েছেন। বন্যার প্রবল স্রোতে তাঁর গাড়ি ভেসে যাওয়ার পর তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ১৮ বছর বয়সী এক তরুণ ফুলে-ফেঁপে ওঠা নদীতে বন্ধুদের সঙ্গে ঝাঁপ দেওয়ার পর প্রাণ হারান। এ ছাড়া একটি বাড়ির ওপর গাছ উপড়ে পড়লে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।
দুর্যোগের ভয়াবহতা ফুটে উঠেছে বিভিন্ন এলাকার চিত্রে। টেলিভিশন সম্প্রচারে দেখা গেছে, নদীর পানি তীর উপচে আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও পানির উচ্চতা সেতুর নিচের অংশ পর্যন্ত উঠে যায়। বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারে নৌযান নিয়ে ছুটে যেতে দেখা গেছে উদ্ধারকারী দলকে।
গভর্নর মাইক ব্রাউন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শনিবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইন্ডিয়ানার ভয়াবহ ঝড় ও ‘ঐতিহাসিক বন্যা’ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এ সময় অঙ্গরাজ্যটির ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের জরুরি সহায়তা চাওয়া হয়েছে।
ইন্ডিয়ানা হোমল্যান্ড সিকিউরিটির পরিচালক জোনাথন হুইথাম বলেন, ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বড় পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুনরুদ্ধার কার্যক্রম চালাতে হবে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন বলেও তিনি জানান।
প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে আরও কিছু এলাকায় বন্যার ঝুঁকি তৈরি হওয়ায় স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের প্রস্তুতিও শুরু হয়েছে।
ইন্ডিয়ানা, ঝড়-বন্যা, উদ্ধার অভিযান