শনিবার, আগস্ট ১৫, ২০২৬

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৮-১৩ ২৩:৩৫:৩৫
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানান।
বৈঠক চলাকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দলের চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকের শুরুতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী করার সিদ্ধান্ত জানানো হয়। এরপর দলের স্থায়ী কমিটির সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানান।
রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানানো হচ্ছে, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পরপরই মির্জা ফখরুল বিএনপির মহাসচিবের পদ এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান রিজভী।
এদিকে মির্জা ফখরুলের পদত্যাগের পর বিএনপির মহাসচিব পদে কে দায়িত্ব পাচ্ছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর রয়েছে। নেতাদের সঙ্গে মতামত নিয়ে তিনি পরবর্তী সময়ে এ বিষয়ে জানাবেন।
তিনি বলেন, আপাতত রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের প্রার্থী করার সিদ্ধান্তই জানানো হয়েছে।
দুপুর ১২টার দিকে শুরু হওয়া স্থায়ী কমিটির এ বৈঠকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, প্রধান হুইপ ও হুইপরা উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালেই দলের চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপির সাংগঠনিক কাঠামোতেও গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হলো। তাঁর স্থলাভিষিক্ত হয়ে দলের মহাসচিবের দায়িত্ব কে নেবেন, এখন সেটিই দলটির পরবর্তী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে সামনে এসেছে।

মির্জা ফখরুল, রাষ্ট্রপতি, বিএনপি


এ জাতীয় আরো খবর