সোমবার, জুলাই ৬, ২০২৬

​শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে বাকবিশিস-এর শোক

  • হাসান মেহেদী :
  • ২০২৬-০৭-০৫ ২৩:৫৮:৫৬

​ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, দেশবরেণ্য প্রাবন্ধিক ও বিশিষ্ট রাষ্ট্রচিন্তাবিদ আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত ​বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের চিরবিদায়ে বাংলাদেশ তার মুক্তচিন্তা, যুক্তিবাদ, অসাম্প্রদায়িকতা ও প্রগতিশীল সমাজভাবনার একজন নির্ভীক ও বিশিষ্ট কণ্ঠস্বরকে হারাল। তিনি শুধু একজন আদর্শ শিক্ষকই ছিলেন না, বরং সমাজ ও রাষ্ট্রের ক্রান্তিকালে তাঁর বলিষ্ঠ লেখনী ও চিন্তাধারা শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ে এবং সমাজ পরিবর্তনের লড়াইয়ে আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে।
​নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে তিনি হাজার হাজার শিক্ষার্থীকে মুক্তবুদ্ধির চর্চায় অনুপ্রাণিত করেছেন। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থসমূহ এবং বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে তাঁর অবদান এদেশের বুদ্ধিবৃত্তিক চর্চার ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তিনি ‘স্বদেশ চিন্তা পরিষদ’ গঠন করে মুক্তচিন্তার যে ক্ষেত্র তৈরি করেছিলেন, তা আগামী দিনের সংগ্রামে তরুণ প্রজন্মের জন্য আজীবন প্রেরণা হয়ে থাকবে।
​নেতৃবৃন্দ  অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও তাঁর  শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


এ জাতীয় আরো খবর