রবিবার, জুলাই ৫, ২০২৬

অরণের বিজ্ঞান খাতা-৬,পর্ব-১৯

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৭-০৪ ১৪:০৭:১৮

কেঁচো কি সত্যিই কৃষকের বন্ধু?

আজ সকালে আমি আর রাহি বাগানের মাটি আলগা করছিলাম।
হঠাৎ দেখি, মাটির ভেতর থেকে একটি লালচে কেঁচো বেরিয়ে এলো।

আমি একটু চমকে উঠে বললাম,
-ইস! কেঁচো!

রাহি তাড়াতাড়ি বলল,
-ওকে আঘাত কোরো না।

ঠিক তখন বটদাদু মৃদু হেসে বললেন,
-জানো, এই ছোট্ট প্রাণীটিকে কৃষকের বন্ধু বলা হয়?

আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম,
-কেঁচো আবার বন্ধু কীভাবে?

বটদাদু বললেন,
-কেঁচো মাটির ভেতর সুড়ঙ্গ তৈরি করে। এতে বাতাস ও পানি সহজে মাটির গভীরে পৌঁছায়। গাছের শিকড়ও ভালোভাবে বেড়ে ওঠে।

আমি বললাম,
-তাহলে গাছ আরও সুস্থ হয়?
-একদম তাই। শুধু তা-ই নয়, কেঁচো শুকনো পাতা ও জৈব পদার্থ খেয়ে এমন মাটি তৈরি করে, যা গাছের জন্য খুবই উপকারী।

ঠিক তখন শিসু উড়ে এসে বলল,
-এত ছোট্ট একটা প্রাণী এত বড় কাজ করে! আমি তো জানতামই না!

রাহি মাটির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল,
-তাই তো! সবাই সুন্দর দেখালেই যে বেশি উপকারী হবে,এমন তো নয়।

বটদাদু বললেন,
-প্রকৃতির প্রতিটি প্রাণীরই একটি বিশেষ কাজ আছে। আমরা যাকে তুচ্ছ ভাবি,অনেক সময় সে-ই পরিবেশের সবচেয়ে বড় কর্মী।

আমি খাতায় লিখে রাখলাম-
-'প্রকৃতিতে কেউ অপ্রয়োজনীয় নয়। প্রত্যেক প্রাণীই পৃথিবীকে সুন্দর রাখতে নিজের কাজ করে যাচ্ছে।'

আজকের বিজ্ঞান তথ্যঃ
কেঁচোকে 'প্রকৃতির চাষি' বলা হয়। তারা মাটিকে ঝুরঝুরে করে,বাতাস চলাচল বাড়ায় এবং জৈব পদার্থ পচিয়ে উর্বরতা বৃদ্ধি করে।

অরণের ছোট্ট শিক্ষাঃ
'কোনো প্রাণীকে তার আকার দেখে বিচার করো না। ছোট্ট প্রাণীও পৃথিবীর জন্য বড় অবদান রাখতে পারে।'

আজকের সবুজ কাজঃ
বাগানে কেঁচো দেখলে তাকে মেরে ফেলো না। সে তোমার গাছের একজন নীরব বন্ধু।

আজকের প্রশ্নঃ
'তুমি কি কখনো কেঁচো দেখেছ? আগে কি জানতে যে সে মাটির এত বড় উপকার করে?'

মন্তব্যে তোমার উত্তর লিখে জানাও।

-তোমাদের বন্ধু অরণ


এ জাতীয় আরো খবর