বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ ও কর্মকর্তাদের মারধর: ২২ জনের বিরুদ্ধে মামলা

  • গাজীপুর প্রতিনিধি:
  • ২০২৬-১১-১৯ ১০:৪৪:৩৯
ফাইল ছবি

 গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা, প্রশাসনিক ভবনে তালা দেওয়া, কর্মকর্তা-কর্মচারীদের মারধর এবং উপ-উপাচার্যকে ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে ২২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে সহকারী প্রক্টর মো. সালাহ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬ ও ১২ ধারায় অভিযোগ আনা হয়েছে। এতে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটন এবং এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তার অভিযোগ উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর সকাল ১১টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চাকরিতে পুনর্বহাল হওয়া একদল কর্মকর্তা-কর্মচারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাদের বিরুদ্ধে বেতন-ভাতা বৃদ্ধি, জ্যেষ্ঠতা ও পদোন্নতিসংক্রান্ত দাবি নিয়মবহির্ভূতভাবে আদায়ের চেষ্টা এবং সুপ্রিম কোর্টের রায় অমান্য করার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, ওই দিন বেলা সাড়ে তিনটার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। একই সঙ্গে উপাচার্যকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়।
পরিস্থিতি শান্ত করতে উপাচার্য শিক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার কথা জানিয়ে আন্দোলনকারীদের দুই দফায় আশ্বস্ত করার চেষ্টা করেন। তবে আন্দোলনকারীরা ওই দিনই দাবি পূরণের বিষয়ে অনড় থাকেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের সামনে মিছিল ও সমাবেশ করেন এবং সরকার ও বিশ্ববিদ্যালয়কে নিয়ে আপত্তিকর স্লোগান দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেন। এ সময় উপ-উপাচার্যকে ধাক্কা দিয়ে আহত করা হয় এবং তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। এসব কর্মকাণ্ডের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ এবং হেনস্তা করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ এবং হেনস্তা করার বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনকে সভাপতি করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব নাফিসা আরেফীন এবং একই বিভাগের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. ফাহিম ফয়সাল।
কমিটিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার বিস্তারিত তদন্ত করে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


জাতীয়বিশ্ববিদ্যালয়, গাজীপুরমামলা, উপাচার্যঅবরুদ্ধ 


এ জাতীয় আরো খবর