পোশাক শ্রমিকদের কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে নিজেদের কর্মস্থল ও গার্মেন্ট কারখানা রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যে কর্মস্থল শ্রমিকদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করে, সেই কর্মস্থল ভাঙচুর বা আগুন দিয়ে ধ্বংস করলে শ্রমিকদের বেতন আসবে কোথা থেকে?
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে পোশাক শ্রমিকদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গত ৫০ বছরে শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের পোশাকশিল্প একটি সমৃদ্ধ শিল্পে পরিণত হয়েছে। এ শিল্পে কর্মরত শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার সম্পূর্ণ ওয়াকিবহাল।
সরকারের পক্ষ থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে মজুরি কমিশন শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা করবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকরা বেতন পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় শ্রমিক ভাই-বোনেরা, আপনারা তিলে তিলে এই শিল্প গড়ে তুলেছেন। তাই কোনো ধরনের উসকানিতে দয়া করে পা দেবেন না। নিজেদের হেফাজত করুন। একই সঙ্গে যে কর্মস্থল আপনাদের আহার জোগায়, সেই কর্মস্থলকেও হেফাজত করুন।’
তিনি আরও বলেন, কারখানা ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের মাধ্যমে শ্রমিকরা নিজেদেরই ক্ষতি করছেন। বিদেশে অবস্থানরত পলাতক সন্ত্রাসী চক্রের উসকানিতে এ ধরনের কর্মকাণ্ড ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক সময়ে দেশের গার্মেন্ট শিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টাকে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে জনগণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সংসদে বিরোধীদলীয় নেতাও তাঁর বক্তব্যে বিষয়টি তুলে ধরেছেন বলে জানান তিনি।
তারেক রহমান অভিযোগ করেন, অতীতে পতিত ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে একটি বিশেষ দেশের ওপর নির্ভরশীল করে তুলেছিল। এখন দেশের গার্মেন্ট শিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে কি না, কিংবা এ শিল্পের সুবিধা অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, তা ভেবে দেখার সময় এসেছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে, দেশের মানুষের অর্থ-সম্পদ লুটপাট করে একটি চক্র বিদেশে আরাম-আয়েশে জীবনযাপন করছে। অথচ তাদের উসকানিতে কারখানা ধ্বংস হলে ক্ষতিগ্রস্ত হবেন দেশের শ্রমিকরাই।
গণতন্ত্র ও সমৃদ্ধি পরস্পরের পরিপূরক
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে, গণতন্ত্র ও সমৃদ্ধি একে অপরের পরিপূরক। গণতন্ত্র সমৃদ্ধির পথ প্রশস্ত করে এবং সমৃদ্ধি গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে।
জনগণের নির্বাচিত সংসদ ও সরকার বর্তমানে বাংলাদেশ পুনর্গঠনের কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ তাদের বিভিন্ন সমস্যার সমাধান এবং একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে জনপ্রতিনিধিদের সংসদে পাঠিয়েছেন।
তিনি বলেন, জনগণ তাদের সমস্যা সমাধানের প্রত্যাশা নিয়ে সংসদ ও সরকারের দিকে তাকিয়ে রয়েছে। সে কারণে সরকার প্রত্যেকটি এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে ধীরে ধীরে সেগুলোর সমাধানে পদক্ষেপ গ্রহণ করছে।
এর আগে বুধবার বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছিল। সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
পোশাকশ্রমিক, গার্মেন্টসশিল্প, তারেকরহমান