ছোটবেলায় পড়েছিলাম, "অহংকার পতনের মূল।" কিন্তু একটু বড় হতেই দেখি, খুব কম মানুষই এই
কথা মনে রেখেছে। বংশগৌরব, পদমর্যাদা নিয়ে অহংকার করার কিছুই নাই। বরং মানুষ যতই উচ্চতর আসনে অধিষ্ঠিত হবে, তত সে ভদ্র ও অমায়িক হবে, নিরহংকার হবে। আমাদের
মহান মুক্তিযুদ্ধে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের অহংকার ও দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে
নিরস্ত্র, নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। লক্ষ লক্ষ নিরীহ নিরস্ত্র অসহায় মানুষকে নির্বিচারে হত্যা করে। তারপরের ইতিহাস তো সবারই জানা। ঐ নিরীহ নিরস্ত্র ও অসহায় বাঙালির ঐক্যবদ্ধ পাল্টা আক্রমণের মুখে মাত্র নয়মাসের যুদ্ধে এত শক্তিশালী পাকি হানাদার বাহিনী সম্পূর্ণভাবে পর্যুদস্ত
হয়। এটাই প্রকৃতির নিয়ম।
তেমনি বাহ্যিক চাকচিক্য ক্ষণস্থায়ী। অর্থ অনর্থের মূল। হতে পারে আপনি আজ প্রচুর অর্থবিত্তের মালিক। তাই বলে আপনি দাম্ভিক হতে পারেন না। অহংকারবশে মানুষ মানুষকে দিয়ে জুতা খোলায়। এটা খারাপ অভ্যাস। আপনি নিজে কেন নিজের জুতা খুলতে পারবেন না?
কেউ কেউ আছেন অনেক মানুষকে কথা দেন। কিন্তু নিজের দেওয়া কথা নিজেই রাখতে পারেন না।
এ অন্যায়। এইরকম অভ্যাসগুলি পরিত্যাগ করুন। সময় এসেছে নিজেকে পরিবর্তন করার।
মানুষ হয়ে মানুষকে অবহেলা করবেন না। আজ যাকে অবহেলা করছেন-- কে জানে, কাল সে আপনার চাকচিক্য ও আভিজাত্যকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছে। আপনি আজ ডিগ্রির বড়াইয়ে আপনার পার্শ্ববর্তী প্রতিবেশীকে ছোট ভাবছেন তো? এটা একদম করবেন না। একদিন সেও এর চেয়েও বড় ডিগ্রি অর্জন করে আপনার পাশে এসে বসতে পারে। সেদিন হয়তো বহুদূরে নয়।
জীবনে কখনও প্রতারণা করবেন না। কোনো অবস্থায়ই না। এমন দিন আসতে পারে, আপনি নিজেই চূড়ান্তভাবে প্রতারিত হয়েছেন। সেইদিনটি নিশ্চয়ই আপনি দেখতে চান না।
কখনও কোনোদিন কিছু পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নেবেন না। এই মিথ্যাই দেখবেন একদিন আপনার সামনের দিনগুলি তাসের ঘরের মতো ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে।
কাউকে ঠকানোর কথা কোনোদিন ভাববেন না। কারণ, ঠগ-জোচ্চোর ও বাটপারকে কেউ বিশ্বাস করে না। কে জানে, এতদিন মিথ্যা আশ্বাসে যাদের যাদের আপনি কথা দিয়েছেন এবং ঠকিয়ে এসেছেন, তারাই একদিন সংঘবদ্ধভাবে সাঁড়াশি আক্রমণে আপনাকে চূড়ান্তভাবে পর্যুদস্ত করেছে। একেই বলে, "ধর্মের কল বাতাসে নড়ে।"
অতএব, "সাধু সাবধান!"