বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

তামাক নিয়ন্ত্রণে কৌশলগত যোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আমিনুল ইসলাম সুজন
  • ২০২৬-১১-১৮ ১৯:০৮:১৩

তামাক নিয়ন্ত্রণে কৌশলগত যোগাযোগ কার্যক্রমে সমন্বয় জোরদার করার লক্ষ্যে আজ সরকারি প্রতিনিধি, বেসরকারি সংস্থা, শিক্ষাবিদ, সাংবাদিক, যোগাযোগ বিশেষজ্ঞ এবং জনস্বাস্থ্য-সং জনগণকে অবহিত করতে ভাইটাল স্ট্র্যাটেজিসের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এই উদ্যোগের লক্ষ্য হলো তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের (বিশ্ব স্বাস্থ্য অনুবিভাগ) অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি বলেন, “তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে জনগণকে সচেতন করা এবং তামাক ব্যবহারকারীদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের সংশোধনীর মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইনে সংযোজিত নতুন বিধানগুলো সম্পর্কে জনগণ, টাস্কফোর্স কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট বাস্তবায়নকারী কর্মকর্তাদের অবহিত করতেও এটি কার্যকর ভূমিকা পালন করে।”
ভাইটাল স্ট্র্যাটেজিসের সিনিয়র কনসালট্যান্ট মো. শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক ডা. এ কে এম মামুন উজ্জামান, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারুজ্জামান, সাবেক সিনিয়র সচিব মো. হামিদুর রহমান খান, ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিডসের লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক খালেদা বেগম এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সড়ক নিরাপত্তা পরিচালক মো. জিয়াউর রহমান। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ভাইটাল স্ট্র্যাটেজিসের টেকনিক্যাল অ্যাডভাইজার আমিনুল ইসলাম সুজন।
ভাইটাল স্ট্র্যাটেজিসের সিনিয়র কনসালটেন্ট মো. শফিকুল ইসলাম বলেন, “নতুন সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ধূমপানমুক্ত এলাকার পরিধি সম্প্রসারণ, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের পাশাপাশি ধোঁয়াবিহীন তামাকজাত পণ্যের ব্যবহার নিষিদ্ধ, তামাকপণ্যের বিপণন ও প্রচারণায় বিধিনিষেধ আরোপ এবং তামাক কোম্পানির তথাকথিত ‘করপোরেট সামাজিক দায়বদ্ধতা’ (সিএসআর) কার্যক্রমের অপব্যবহার রোধে এটি নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, পার্ক ও খেলাধুলার স্থানের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক পণ্যের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের এসব নতুন সংযোজন ও পরিবর্তন সম্পর্কে সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকরা যদি অবগত না হন, তাহলে এসব সংশোধনের কোনো বাস্তব গুরুত্ব থাকবে না।”
দিনব্যাপী এই কর্মশালায় একাধিক কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে গণমাধ্যমভিত্তিক প্রচারণার বিবর্তন, বিদ্যমান গণমাধ্যম পরিবেশের চিত্র, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল যোগাযোগ কৌশল এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য তুলে ধরা হয়। অধিবেশনগুলো পরিচালনা করেন ভাইটাল স্ট্র্যাটেজিসের আমিনুল ইসলাম সুজন ও ফাহমিদা ইসলাম, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের ডা. আসমা সুলতানা তুলি এবং ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের সৈয়দা অনন্যা রহমান।
অংশগ্রহণকারীরা দলগত আলোচনার মাধ্যমে কৌশলগত যোগাযোগের পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে তারা এমন গণযোগাযোগ কৌশল তৈরি করেন, যা সংশোধিত আইনের বিধানসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে তামাক কোম্পানির হস্তক্ষেপ ও প্রভাব মোকাবিলায় সহায়ক হতে পারে।
সেশন-সঞ্চালকেরা তামাক কোম্পানির নানা কৌশল ও প্রভাব বিস্তারের প্রচেষ্টা উন্মোচন এবং জনসাধারণকে সচেতন করে তুলতে যোগাযোগকর্মী ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। বিশেষ করে, তরুণদের মধ্যে প্রচলিত তামাকপণ্য এবং ইলেকট্রনিক সিগারেট (ভ্যাপ) মতো উদীয়মান পণ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সরকার, সুশীল সমাজ, গণমাধ্যম, গবেষক এবং জনস্বাস্থ্য খাতের ৪০ জন অংশগ্রহণকারী নতুন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সম্পর্কিত বার্তা আরও কৌশলগত, কার্যকর ও সময়োপযোগী করে নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করেন। ফলে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধানসমূহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর বাস্তবায়নে তাদের ভূমিকা আরও শক্তিশালী হবে।
কর্মশালায় বলা হয়, বাংলাদেশে প্রতিবছর প্রায় দুই লাখ মানুষ তামাক ব্যবহারের কারণে মারা যায়। কার্যকর তামাক নিয়ন্ত্রণ নীতিমালার বাস্তবায়নের মাধ্যমে এই ভয়াবহ মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
আলোচকগণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার MPOWER তামাক নিয়ন্ত্রণ প্যাকেজের গুরুত্বপূর্ণ উপাদান যেমন: তামাকের ওপর কর বৃদ্ধি, তামাকপণ্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ সংক্রান্ত আইনী বিধান বাস্তবায়ন, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন শতভাগ তামাকমুক্ত করা এবং তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সতর্ক করার বিষয় তুলে ধরেন । এসব নীতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণ বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল-এ অন্তর্ভুক্ত রয়েছে, যার একটি স্বাক্ষরকারী ও অংশীদার দেশ হলো বাংলাদেশ। তামাকজনিত রোগ ও মৃত্যুর বোঝা কমাতে এসব আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং প্রমাণভিত্তিক নীতির কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 


এ জাতীয় আরো খবর