শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

ইস্তাম্বুল ছাড়লেন তারেক রহমান,শুক্রবার ভোরে ঢাকায় পৌঁছানোর কথা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১১-১২ ২৩:৪৬:২১

কপ৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী | এরদোয়ানসহ একাধিক বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। তিন দিনের তুরস্ক সফর এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরছেন তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলুর বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যায় টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এর আগে স্থানীয় সময় বিকেলে আন্তালিয়া থেকে ইস্তাম্বুলে পৌঁছান তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী,প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
কপ৩১-এ বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী
গত ১০ নভেম্বর তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় যান তারেক রহমান। সেখানে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনে অংশ নেন তিনি।
সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ রক্ষায় পাঁচটি জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতার বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।
বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক
সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান,অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান।এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার,বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ,জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির আয়োজিত নৈশভোজে অংশ নেন। পাশাপাশি সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের প্যাভিলিয়ন ও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রীর এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কপ৩১-এ বাংলাদেশের জলবায়ু কূটনীতির গুরুত্বপূর্ণ একটি পর্বের সমাপ্তি ঘটছে।

সূত্র: ইউএনবি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও দ্য ডেইলি স্টার।

তারেকরহমান, প্রধানমন্ত্রীরঢাকাফেরা, কপ৩১ 


এ জাতীয় আরো খবর