মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

অস্ট্রিয়া,গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

  • নিউজ প্রতিবেদন:
  • ২০২৬-১১-১৬ ২২:৪৪:২২
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগে অস্ট্রিয়া,গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশগুলোর সঙ্গে বাণিজ্য,বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
আজ সকালে বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত এবং ফিজি ও গায়ানার অনাবাসিক হাইকমিশনাররা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এসব আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। স্বাস্থ্যসেবা,কৃষি,শিক্ষা,অবকাঠামো উন্নয়ন,উৎপাদন ও সেবা খাতে এসব কর্মীর আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার যথেষ্ট সক্ষমতা রয়েছে।
তিনি অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক,নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের পাশাপাশি ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এ ক্ষেত্রে স্বচ্ছ, দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় সমঝোতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রথমে অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এরপর গায়ানার হাইকমিশনার ধারামকুমার সীরাজ এবং সবশেষে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি পরিচয়পত্র পেশ করেন। বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে।
অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার ব্যালেনের প্রতি শুভেচ্ছা জানান। পাশাপাশি বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর এবং সরাসরি বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি খাতেও সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেন তিনি।
এ সময় অস্ট্রিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ প্রদানে তাঁর দেশের আগ্রহের কথা জানান। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশনা দেন রাষ্ট্রপতি।
গায়ানার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলীর পুনর্নির্বাচনে অভিনন্দন জানান এবং তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি গায়ানার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। গায়ানার বাজারে বাংলাদেশের ওষুধ রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সহজ করার অনুরোধও করেন।
ফিজির হাইকমিশনারের সঙ্গে বৈঠকে কৃষি,বাণিজ্য,পর্যটন,জলবায়ু পরিবর্তন মোকাবিলা,সুনীল অর্থনীতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে তিন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন।
রাষ্ট্রপতি নবনিযুক্ত কূটনীতিকদের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং তাঁদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন,তাঁদের দায়িত্বকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,বাণিজ্য,বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব,সচিব,প্রেস সচিব,পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশি দক্ষ জনশক্তি, অস্ট্রিয়া-গায়ানা-ফিজি, বৈদেশিক কর্মসংস্থান


এ জাতীয় আরো খবর