শুক্রবার, জুলাই ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার,একদিনে নদীতে ডুবে মারা যায় ৪ জন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-০২ ১৭:২৭:৩৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলায় মহানন্দা নদীতে  নিখোঁজ ৮ বছরের শিশু রিয়াজের মরদেহ ৩৪ ঘন্টা পর নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (১জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নৌ পুলিশ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়াগাঁ এলাকা (নতুন মহানন্দা সেতুর ইসলামপুর প্রান্তে) থেকে শিশু রিয়াজের প্রায় অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করে।
এ নিয়ে গত মঙ্গলবার(৩০জুন) সদরের পদ্মানদীতে ডুবে ২ কিশোর এবং সদরের মহানন্দা নদীতে ডুবে  প্রবাসী এক যুবক ও ১ শিশু সহ ৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে পদ্মার  মরদেহ দুটি ওইদিনই  রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার করে। মহানন্দায় ডুবে যাওয়া দুজনের মরদেহ পরদিন বুধবার ভেসে ওঠার পর ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার(৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নানার বাড়ি সদরের বেহুলা গ্রাম থেকে সকলের অগোচরে নিখোঁজ হয় রিয়াজ। তার নানার বাড়ির প্রায় ২শত গজ দূরেই মহানন্দা নদী।  পরিবার নদীতে ডুবে  রিয়াজ নিখোঁজ হতে পারে সন্দেহ করলেও নিশ্চিত হতে পারছিল না। তবে তাঁরা খোঁজের এক পর্যায়ে গত বুধবার  রাতে  অজ্ঞাত শিশুর মরদেহ ভাসার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শনাক্ত করে। রিয়াজ জেলার নাচোল উপজেলার ফুলবাড়ি গ্রামের আল আমিনের ছেলে। সে সদরের বেহুলা গ্রামে নানার বাড়িতে থাকত।
দায়িত্বশীল রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক(এসআই) জীবন চন্দ্র  রায় বলেন, বুধবার নতুন মহানন্দা সেতুর ইসলামপুর প্রান্তের প্রায় ২০০ গজ দূর থেকে  প্রথমে অজ্ঞাত হিসেবে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই শিশুর পরিবার মরদেহ শনাক্ত করে। বৃহস্পতিবার(২ জুলাই) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।  প্র্থামিকভাবে নদীতে ডুবে শিশুটির মৃুত্য হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সদর থানায়  একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, বুধবার সন্ধ্যায়  নদীতে মাছ ধরার সময় স্থানীয় দুই ব্যাক্তি  কচুরিপানার মধ্যে মরদেহ ভাসতে দেখে ‘৯৯৯’ এ সংবাদ দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে নৌ পুলিশ ডাকা হয়।   


এ জাতীয় আরো খবর