বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

বটদাদুর কথা-৫,পর্ব-১৬

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৭-০১ ১২:১৮:৩৯

পাতা ঝরে কেন?

আজ সকালে রাহি দেখল,বটদাদুর পাশের আমগাছ থেকে টুপটাপ পাতা ঝরছে।
রাহি একটু মন খারাপ করে বলল,
-বটদাদু,গাছের এত সুন্দর পাতাগুলো ঝরে যাচ্ছে কেন? গাছ কি কষ্ট পায়?

বটদাদু মৃদু হেসে বললেন,
-না রে মা। কখনো কখনো পুরোনোকে বিদায় দিতে হয়,যাতে নতুনের জন্য জায়গা হয়।

অরণ বলল,
-কিন্তু গাছ তো নিজের খাবার পাতাতেই তৈরি করে। তাহলে পাতা ফেলে দেয় কেন?

বটদাদু বললেন,
-খুব ভালো প্রশ্ন। পুরোনো বা ক্ষতিগ্রস্ত পাতাগুলো গাছের কাজে কম লাগে। তাই গাছ সেগুলো ঝরিয়ে দেয়। এতে পানি ও শক্তির অপচয় কমে। পরে নতুন,সুস্থ পাতা গজায়, যা আরও ভালোভাবে সূর্যের আলো ব্যবহার করতে পারে।
ঠিক তখন একটি শুকনো পাতা ঘুরতে ঘুরতে মাটিতে পড়ল।

শিসু সেটি ঠোঁটে তুলে নিয়ে বলল,
-তাহলে এই পাতার কাজ শেষ?

বটদাদু মাথা নেড়ে বললেন,
-না। এখন তার নতুন কাজ শুরু। মাটিতে মিশে সে সার হবে। সেই সার থেকেই আবার নতুন গাছ, নতুন পাতা, নতুন জীবন জন্ম নেবে।

রাহি হাসল।
অরণ মাটিতে পড়ে থাকা পাতাগুলোর দিকে নতুন চোখে তাকাল।

আর শিসু বলল,
-তাহলে প্রকৃতিতে কিছুই বৃথা যায় না!

বটদাদু বললেন,
-একদম ঠিক। প্রকৃতি আমাদের শেখায়-'শেষ মানেই শেষ নয়,অনেক সময় সেটাই নতুন শুরুর পথ।'

বটদাদুর শিক্ষাঃ
জীবনে পরিবর্তনকে ভয় পেও না। অনেক সময় নতুন সম্ভাবনার শুরু হয় পুরোনোকে বিদায় জানানোর মধ্য দিয়েই।

আজকের বিজ্ঞান তথ্যঃ
অনেক গাছ নির্দিষ্ট সময়ে পুরোনো পাতা ঝরিয়ে দেয়। এতে গাছের পানি ও শক্তি সাশ্রয় হয় এবং পরে নতুন, সুস্থ পাতা গজাতে সুবিধা হয়।

আজকের প্রশ্নঃ
তুমি কি কখনো শুকনো পাতাকে শুধু আবর্জনা ভেবেছ?
আজ থেকে কি জানলে, তারও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে?

-বটদাদু।


এ জাতীয় আরো খবর