সোমবার, জুন ২৯, ২০২৬

শিসুর মজার কাণ্ড-৪

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৬-২৮ ১৯:৩২:৩০

হারিয়ে যাওয়া রংধনুর খোঁজে

আজ সকালে বৃষ্টি থামতেই আমি খুব খুশি হয়ে উড়ে বের হলাম।
কারণ বৃষ্টি শেষে আকাশে রংধনু উঠবে-এটাই তো নিয়ম!

আমি এদিক-ওদিক উড়ে তাকালাম।
কিন্তু কোথাও রংধনু নেই।
আমি চিৎকার করে বললাম,
-আরে! রংধনু কে চুরি করল?

রাহি হেসে বলল,
-রংধনুও আবার চুরি হয় নাকি?

আমি বললাম,
-অবশ্যই হয়! না হলে আকাশে নেই কেন?
ঠিক তখন অরণ আকাশের দিকে তাকিয়ে বলল,
-শিসু,সূর্যটা কোথায় দেখো তো?

আমি চারদিকে তাকিয়ে বললাম,
-ওই তো! বড় মেঘের আড়ালে লুকিয়ে আছে।

অরণ বলল,
-এটাই রহস্য।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম,
-মানে?

বটদাদু মৃদু হেসে বললেন,
-রংধনু তৈরি হতে সূর্যের আলো আর বৃষ্টির ফোঁটা-দুটোই দরকার। আজ বৃষ্টির ফোঁটা আছে,কিন্তু সূর্যের আলো মেঘের আড়ালে। তাই রংধনুও দেখা যাচ্ছে না।

আমি একটু ভেবে বললাম,
-তাহলে রংধনু হারায়নি?
-না, শিসু। সে অপেক্ষা করছে।

যখন সূর্য হাসবে,তখন সেও সাত রঙের হাসি নিয়ে আকাশে ফিরে আসবে।

ঠিক তখনই মেঘ একটু সরে গেল।
সূর্যের আলো বৃষ্টির ছোট ছোট ফোঁটার ওপর পড়তেই...

আকাশের এক কোণে ফুটে উঠল রঙিন এক বিশাল হাসি!

আমি আনন্দে ডানা ঝাপটাতে ঝাপটাতে চিৎকার করে উঠলাম-
-আহা! রংধনু ফিরে এসেছে!

রাহি,অরণ আর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে সেই রঙিন সেতুর দিকে তাকিয়ে রইলাম।

বটদাদু বললেন,
-প্রকৃতির সবচেয়ে সুন্দর ছবিগুলো ধৈর্য ধরেই দেখতে হয়।

শিসুর ছোট্ট শিক্ষাঃ
সব সুন্দর জিনিসই সঙ্গে সঙ্গে পাওয়া যায় না।
কখনো একটু অপেক্ষা করতে হয়।

আজকের বিজ্ঞান তথ্যঃ
রংধনু তৈরি হয় যখন সূর্যের আলো বৃষ্টির ফোঁটার ভেতর দিয়ে প্রবেশ করে ভেঙে সাতটি রঙে ছড়িয়ে পড়ে।

আজকের প্রশ্নঃ
তুমি কি কখনো নিজের চোখে রংধনু দেখেছ?
দেখে থাকলে কোথায় দেখেছিলে?

মন্তব্যে লিখে জানাও।

-তোমাদের বন্ধু 'শিসু' 


এ জাতীয় আরো খবর