বুধবার, জুন ২৪, ২০২৬

অরণের বিজ্ঞান খাতা-৩

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৬-২২ ১৬:১০:১১

গাছ কি বৃষ্টিকে ডেকে আনে?

আজ সকালে আমি একটি খবর পড়ছিলাম।
সেখানে লেখা ছিল,বন কেটে ফেললে অনেক জায়গায় বৃষ্টি কমে যেতে পারে।
আমি অবাক হয়ে গেলাম।
গাছ আবার বৃষ্টি ডেকে আনে নাকি?
দৌড়ে গিয়ে বটদাদুকে প্রশ্ন করলাম।

বটদাদু মুচকি হেসে বললেন,
-পুরোপুরি ডেকে আনে বলা ঠিক হবে না,তবে বৃষ্টি হতে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-কীভাবে?
-গাছ মাটি থেকে পানি টেনে নেয়। এরপর পাতার মাধ্যমে সেই পানির একটি অংশ বাতাসে ছেড়ে দেয়।

আমি আরও অবাক হলাম।
-গাছও পানি ছাড়ে?
-হ্যাঁ। এই প্রক্রিয়ার নাম বাষ্পমোক্ষণ।
রাহি তখন বলল,
-তাহলে গাছ যেন ছোট্ট পানির কারখানা!

বটদাদু হেসে মাথা নেড়ে বললেন,
-অনেকটা তাই। হাজার হাজার গাছ মিলে বাতাসে জলীয় বাষ্প বাড়াতে সাহায্য করে। আর সেই বাষ্প মেঘ তৈরিতে ভূমিকা রাখে।

আমি আকাশের দিকে তাকালাম।
ভাবলাম,একটি বন শুধু গাছের সমষ্টি নয়।
এটি বৃষ্টি,পাখি,প্রাণী আর মানুষের বন্ধুও।

বটদাদু বললেন,
-যে দেশ তার বন রক্ষা করে,সে দেশ নিজের ভবিষ্যৎও রক্ষা করে।
আমি মনে মনে ঠিক করলাম,বড় হয়ে আরও অনেক গাছ লাগাব।

অরণের ছোট্ট বিজ্ঞান তথ্যঃ
গাছ মাটি থেকে পানি টেনে নেয়। তারপর পাতার ছোট ছোট ছিদ্র দিয়ে সেই পানির কিছু অংশ বাতাসে ছেড়ে দেয়।
গাছের পাতা থেকে বাতাসে জলীয় বাষ্প বের হওয়ার প্রক্রিয়াকে 'বাষ্পমোক্ষণ' (Transpiration) বলা হয়।
এই প্রক্রিয়া জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ।

পরিবেশ ভাবনাঃ
একটি গাছ কাটা মানে শুধু একটি গাছ হারানো নয়।
এর সঙ্গে হারিয়ে যেতে পারে পাখির বাসা,প্রাণীর আশ্রয় এবং ভবিষ্যতের বৃষ্টির সম্ভাবনাও।

আজকের প্রশ্ন
তোমার এলাকায় সবচেয়ে বেশি কোন গাছ দেখা যায়?
-আম
-বট
-নারিকেল
-কাঁঠাল
-অন্য কোনো গাছ

মন্তব্যে লিখে জানাও।

-অরণ 


এ জাতীয় আরো খবর