আফ্রিকার দেশ নাইজারে হৃদয়বিদারক এক মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। সাহারা মরুভূমির প্রচণ্ড তাপদাহ ও পানির অভাবে অন্তত ৪৯ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। একটি ট্রাক বিকল হয়ে যাওয়ার পর মরুভূমির নির্জন এলাকায় আটকা পড়ে তারা মৃত্যুর মুখে ঢলে পড়েন।
নাইজারের আগাদেজ গভর্নরেট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ধর্মীয় উৎসব শেষে বাড়ি ফিরছিলেন যাত্রীরা। পথে তাদের বহনকারী ট্রাকটি মরুভূমির একটি দুর্গম এলাকায় বিকল হয়ে পড়ে। শুরুতে গাড়ি মেরামতের চেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। একপর্যায়ে সঙ্গে থাকা পানির মজুত ফুরিয়ে গেলে যাত্রীরা চরম সংকটে পড়েন।
বিবৃতিতে বলা হয়েছে, আলজেরিয়া সীমান্তসংলগ্ন আসামাকা এলাকার পশ্চিমে প্রায় ৮০ কিলোমিটার দূরের নির্জন মরুভূমিতে ঘটনাটি ঘটে। প্রচণ্ড গরম ও পানির অভাবে আটকা পড়া মানুষের পক্ষে সেখানে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠে।
স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ট্রাকের চালক, সহকারী এবং যাত্রীরা দীর্ঘ সময় ধরে উদ্ধার পাওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু প্রতিকূল আবহাওয়া ও জনবসতিহীন এলাকার কারণে দ্রুত সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি।
তবে সব প্রতিকূলতার মধ্যেও দুই ব্যক্তি বেঁচে যান। তারা পায়ে হেঁটে ৫০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে একটি পানির উৎসে পৌঁছাতে সক্ষম হন। পরে সেখান থেকে আসামাকায় গিয়ে কর্তৃপক্ষকে পুরো ঘটনার খবর দেন।
সংবাদ পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে ৪৯ জনের মৃত্যু ঘটে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে গণকবরে দাফন করা হয়।
বিশ্লেষকদের মতে, সাহারা অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং নিরাপদ যাতায়াত ব্যবস্থার অভাব এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে। মরুভূমির কঠিন বাস্তবতায় সামান্য যান্ত্রিক ত্রুটিও কখনো কখনো গণমৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
কী-ওয়ার্ড: সাহারা,তৃষ্ণামৃত্যু,নাইজার