শুক্রবার, জুন ৫, ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন বার্তা,‘ইউরেনিয়াম নিতে চুক্তির প্রয়োজন নেই’

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৬-০৫ ১৫:১৫:২৫
ফাইল ছবি

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে আবারও কড়া অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের কাছ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করতে যুক্তরাষ্ট্রের কোনো বিশেষ চুক্তির প্রয়োজন নেই।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম এবং এ ক্ষেত্রে ইরানের পক্ষে বাধা দেওয়া সম্ভব হবে না। তবে তিনি স্পষ্ট করেন, বর্তমানে এমন কোনো পদক্ষেপের প্রয়োজন দেখা দেয়নি।
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, সংশ্লিষ্ট ইউরেনিয়াম এখন নিরাপদ ও সুরক্ষিত স্থানে সংরক্ষিত রয়েছে। ফলে তাৎক্ষণিক কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তিনি দেখছেন না।
এ সময় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-এর সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো বৈঠকের পরিকল্পনা তার নেই।
তবে ভবিষ্যতে যদি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার পরিবেশ তৈরি হয় এবং উভয় পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে পারে, তাহলে শীর্ষ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, পরিস্থিতি অনুকূলে এলে তিনি ইরানের নেতৃত্বের প্রতি কূটনৈতিক শিষ্টাচার ও সম্মান বজায় রেখেই আলোচনা করবেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি একদিকে যেমন শক্ত অবস্থানের ইঙ্গিত, অন্যদিকে ভবিষ্যৎ আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ করে দেয়নি।

কী-ওয়ার্ড: ট্রাম্প,ইরান,ইউরেনিয়াম

 


এ জাতীয় আরো খবর