বুধবার, মে ১৩, ২০২৬

যুদ্ধের আগুন পেছনে রেখেই বেইজিং পথে ট্রাম্প,নজরে বাণিজ্য ও বিশ্বরাজনীতি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-১৩ ১১:৪২:৩০
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই বহু প্রতীক্ষিত চীন সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ নয় বছর পর তার এই বেইজিং সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করেন। বুধবার বেইজিং পৌঁছানোর পর তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে চীন। আগামী ১৫ মে পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন মার্কিন প্রেসিডেন্ট। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি চিনপিং–এর সঙ্গে ঐতিহাসিক ‘টেম্পল অব হেভেন’ পরিদর্শনের কর্মসূচি রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল সংঘাত এবং যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপের মধ্যেই ট্রাম্প এই সফরে গেছেন। অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ কমাতে চীনের সঙ্গে বড় বাণিজ্যিক চুক্তির দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। বিশেষ করে মার্কিন খাদ্যপণ্য ও বিমান বিক্রির নতুন সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিদ্যমান বিরোধ কমাতে একটি যৌথ বাণিজ্য বোর্ড গঠনের পরিকল্পনাও রয়েছে। সফর শুরুর আগে তিনি বলেন, বিশ্বের দুই বৃহৎ শক্তির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করাই তার আলোচনার প্রধান লক্ষ্য।
তবে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে চীনের সহায়তা নেওয়ার বিষয়ে আগ্রহ দেখাননি ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান পরিস্থিতি এখনো মার্কিন নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে এবং সেটি এই সফরের মূল আলোচ্য বিষয় নয়।
মূলত এই সফর আরও আগেই হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার কারণে সফর পিছিয়ে যায়। যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি থামার আগেই ট্রাম্পের এই সফর শুরু হওয়ায় আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

কী-শব্দ: ট্রাম্প, চীন, বাণিজ্য

 


এ জাতীয় আরো খবর