রবিবার, আগস্ট ১৬, ২০২৬

রাজনীতিতে দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি বন্ধের আহ্বান আইনমন্ত্রীর

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • ২০২৬-০৩-২৩ ১০:৩৮:৫১
ছবি: সংগৃহীত।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রাজনীতিকে স্বচ্ছ ও জনকল্যাণমুখী করতে হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, রাজনীতি মানেই ব্যক্তিস্বার্থ বা ধান্ধাবাজি-এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
রোববার রাতে ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক অডিটোরিয়ামে ‘আর্থসামাজিক উন্নয়নে ঝিনাইদহবাসীর ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, রাজনীতি করতে এসে ব্যক্তিগত সুবিধা নেওয়ার প্রবণতা পরিহার করতে হবে। তিনি উল্লেখ করেন, করমুক্ত গাড়ি কিংবা প্লট নেওয়ার সংস্কৃতি থেকে সরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ ধরনের সুবিধা আর দেওয়া হবে না।
তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান-এর আদর্শ অনুসরণ করে রাজনীতিকে সৎ ও স্বচ্ছ ধারায় ফিরিয়ে আনতে হবে। দুর্বৃত্তায়নের পথ পরিহার না করলে রাজনীতিতে টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলেও সতর্ক করেন তিনি।
মন্ত্রী জানান, সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিত-সেবায়েতদের জন্য ভাতার ব্যবস্থাও কার্যকর হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ঝিনাইদহ চেম্বারের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কী-ওয়ার্ডস: রাজনৈতিক দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি বন্ধ, আইনমন্ত্রী বক্তব্য


এ জাতীয় আরো খবর