বিশিষ্ট শিক্ষক নেতা, শিক্ষাবিদ ও ফটিকছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাকবিশিস কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম বিভাগীয়, জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
এক যৌথ শোকবার্তায় বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ শিমুল বড়ুয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বণিক এবং চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ আলম আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্তী অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও মহান মুক্তিযুদ্ধের একজন দৃঢ় সমর্থক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিমের মৃত্যুতে শিক্ষকসমাজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক নেতা ও দেশপ্রেমিক সমাজসংস্কারককে হারালো। শিক্ষা জাতীয়করণ আন্দোলন ও শিক্ষকদের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাকবিশিসের এই প্রতিষ্ঠাকালীন সদস্য আমৃত্যু শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও সর্বজনীন শিক্ষার সাথে প্রগতিশীলতা ও মুক্তবুদ্ধি চর্চার আন্দোলন করে গেছেন।
বাকবিশিস নেতারা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিম বাকবিশিস চট্টগ্রাম জেলা কমিটির সাবেক সহ সভাপতি, ফটিকছড়ি উপজেলা কমিটির সাবেক সভাপতিসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আজ রবিবার সকালে তিনি বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।