সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

মিনিয়াপোলিসে বক্তৃতাকালে হামলার মুখে ইলহান ওমর, মঞ্চ ছাড়েননি ডেমোক্র্যাট নেত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-২৮ ২১:০০:৫২
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় হামলার শিকার হয়েছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় প্রভাবশালী মুসলিম সদস্য ইলহান ওমর। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কড়া অবস্থানের সমালোচনা করার সময় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইলহান ওমর মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় এক ব্যক্তি হঠাৎ তার দিকে এগিয়ে এসে একটি স্বচ্ছ তরল স্প্রে করে। ঘটনার আকস্মিকতায় উপস্থিত জনতার মধ্যে মুহূর্তের জন্য উত্তেজনা তৈরি হলেও নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হামলার শিকার হলেও মঞ্চ ছাড়েননি ইলহান ওমর। তিনি শারীরিকভাবে অক্ষত রয়েছেন এবং সামান্য বিরতির পর পুনরায় বক্তব্য শুরু করেন। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ভয় দেখিয়ে গণতান্ত্রিক কণ্ঠরোধ করা যাবে না। আমরা কথা বলা বন্ধ করব না।
ঘটনার কয়েক ঘণ্টা আগেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সমাবেশে ইলহান ওমর ও সোমালি অভিবাসীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। এ কারণে এই হামলাকে রাজনৈতিক উসকানির ফল হিসেবেও দেখছেন অনেকে।
মিনিয়াপোলিস পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হামলাকারীর নাম অ্যান্থনি জেমস ক্যাজমিয়ার্জ্যাক, বয়স ৫৫। তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে এবং হামলার পেছনের উদ্দেশ্য তদন্ত করা হচ্ছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ। তিনি বলেন, রাজনৈতিক নেতাদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকেই এ ধরনের সহিংসতা জন্ম নিচ্ছে। আমেরিকান মুসলিম নাগরিক অধিকার সংগঠন সিএআইআর ঘটনাটিকে বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী উসকানির ভয়াবহ উদাহরণ হিসেবে আখ্যা দিয়ে দ্রুত বিচার দাবি করেছে।
দীর্ঘদিন ধরেই ইলহান ওমর ট্রাম্পপন্থী রাজনীতির আক্রমণের মুখে রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই হামলা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাড়তে থাকা বিদ্বেষ ও মেরুকরণের আরেকটি উদ্বেগজনক প্রতিফলন।

কীওয়ার্ডসঃ:ইলহান ওমর,মিনিয়াপোলিস হামলা,যুক্তরাষ্ট্র রাজনীতি


এ জাতীয় আরো খবর