সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলা: এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-২১ ১৩:৫২:৪১
ছবি: সংগৃহীত।

রাজধানীর শেরেবাংলা নগরে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। একই মামলায় ওবায়দুল্লাহ নামে আরও একজনকে আসামি করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। তিনি জানান, শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি করেন। এতে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ সিআইডির ফরেনসিক দলকে খবর দেয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মরদেহ উদ্ধারের পর রাতে জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুল ইসলাম ও মাকসুদা বেগমকে পুলিশ হেফাজতে নেয়। পরে তাদের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মৃত্যুর প্রকৃত কারণ এবং মামলায় আনা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
এর আগে গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। দলটির পক্ষ থেকে বলা হয়,সাংগঠনিক তদন্তে তাঁর নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হয়।
মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলাটি এখন তদন্ত করছে পুলিশ। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনসহ পরবর্তী আইনি কার্যক্রমে মৃত্যুর কারণ এবং মামলায় করা অভিযোগের বিষয়ে আরও তথ্য জানা যাবে।

গাজী নজরুল, মরিয়ম খাতুন, আত্মহত্যার প্ররোচনা


এ জাতীয় আরো খবর