সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

মো বা র ক হো সে ন

  • পুণ্যালোকে
  • ২০২৬-০৯-২১ ১২:১৯:৩১

সহসা বললো সে,
আমাকে ভালোবেসে
আরো সাতটি কবিতা লাগবে,
তবেই মহিমাময় ঈশ্বর কাব্যময় হয়ে জাগবে।
যেন সাতটি সাগর সেচে সাতটি কবিতা,
হৃদয়ের উষ্ণতার অতলে দীপ্যমান যে কবিতা,
কবিকে পারতেই হবে সেই অতল থেকে শব্দগুচ্ছ
তুলে আনতে।
সৃষ্টিকর্তা যেমন সৌন্দর্যের সৌম্য দিয়ে প্রকৃতিকে সাজিয়েছেন
কবিরাও তেমনি সাজায় তার মনন সোহাগ দিয়ে কবিতার প্রতিরূপ।
যে জন কবি তাকে তো সাজাতেই হয় শব্দের পশরা,
কাব্যের কারিশমায় জীবনের খসড়া,
প্রীতি ও প্রেমে শত্রু-মিত্র সকলকেই রাখতে হয়
কাব্যের মায়াজালে একাকার করে;
তাই কবি মহান- বিজ্ঞজনের বিচারে।
মরুময় ধু-ধু প্রান্তরকেও যেমন মায়াময় কোরে তোলে,
সবুজ শ্যামল বনানীও তেমনি শব্দের গাঁথুনি দিয়ে,
ফুল-পাখির নিবিড়তা দিয়ে, আরো সুন্দর কোরে
প্রেমের শিকলে বাঁধতে হয় একজন কবিকে।
এ কবি পারবে কী তার সবটুকু সমাহার জোগাতে
বিরহ মিলনে মেঘের মতো সুখের কাঁদনে কাঁদাতে ?
নিপুন কলমে সাড়া জাগে রাগে-অনুরাগে,
দৃশ্যমান হয় স্বপ্নের মতো শত ছবি;
নগর-বন্দর, গ্রামের ছবি,
মানুষে মানুষে ভেদাভেদ কোলাহলের ছবি,
প্রতিহিংসা, মারামারি আর খুনখারাবির ছবি,
প্রতি মুহূর্তে পরিবেশ দূষণ ও মানুষের গড়া
দুর্যোগের ছবি।
সর্বোপরি প্রেম ভালোবাসার নিখাদ অনুরণনের
শব্দগাথা ফুটে ওঠে ছড়ায়ে সুরভী।
কবি সাজান তার কলমের আঁচড়ে
সমকালীন সমাজচিত্রের খসড়া,
লেখেন দেশের আছে যত বৈপরীত্য
সময়ের বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধা,
এবং তুলে ধরেন যত কালো-সাদা।
ভক্তি ও ভালোবাসার মূল্যে তখন 'কথা হয় কবিতা,
কথা হয় গান, সৌন্দর্য ও প্রেমে মানুষ হয় মহীয়ান।
আদিষ্ট কবি ভক্তিভরে পালন করেন সবকথা অলখে,
এমন দর্শনে সাত সাতটি কবিতা প্রাণ পায় পুণ্যালোকে।

 


এ জাতীয় আরো খবর