একটু আগেই কথাগুলো কবিতার অমিয় প্রত্যয়ে গেঁথেছিল বর্ণবান্ধব অক্ষরমালা,
গ্রথিত হৃদয়মূলে অবাক অরণ্যের মত
বৃষ্টি নেমেছিল ,
কাদামাটির সোঁদা গন্ধের মত তোলপাড় অনুভবে বুকের পাঁজর একাকার হয়েছিল।
কড়া নীল গন্ধে আকাশ নেমেছিল অমাবস্যার তীব্রতায়।
গহীন স্মৃতিরেখার চিহ্ন জুড়ে আলসে উড়েছিল পাখি।
দু একটি খসে পড়া পালক জুড়ে ঘাসরং বিষন্নতা ছিল বিন্যাসী প্রান্তর।
কেউ খোঁজ রাখেনি প্রান্তরের পুরোটা জুড়ে ছিল মানুষখেকো আর রক্তখেকোদের তান্ডব,
ঘাস ফুল ছিল না একটিও,
ঘাসের ডগায় ছোপ ছোপ রক্ত নহরের অবশেষ। করোটির শক্ত আবরণী ভেঙে ক্ষত বিক্ষত হয়েছিল সৃষ্টির শ্রেষ্ঠতম মানব মস্তিষ্ক।
নিষ্প্রাণ মস্তিষ্ক এবার ছিঁড়ে খাক হিংস্র শেয়াল। মানব মেধার মস্তিষ্কে শেয়ালের উদর পূর্তি হোক। আমরা বছর পূর্তি করি।
কার খোকা পাহাড় ঘেরা মৃতদেহ--
বুকের মানিক হারায়ে কে কাঁদে, আর্তনাদে-- বুক ফাটা চিৎকারে--,
আমরা বছর পূর্তি করি -
ক্ষমতার -
আধিপত্যবাদের--