বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। এর আগে তিনি সংগঠনটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ভোটাভুটির মাধ্যমে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ সমর্থনে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
এদিন একই স্থানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় শুরু হওয়া এ সম্মেলনে দেশের বিভিন্ন ইউনিট থেকে প্রায় পৌনে ৬ হাজার সদস্য অংশগ্রহণ করেন। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সংগঠনের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি পরবর্তীতে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রশিবিরের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
কীওয়ার্ডঃছাত্রশিবির,নুরুল ইসলাম সাদ্দাম,কেন্দ্রীয় সভাপতি