শনিবার, মে ৩০, ২০২৬

প্র দী প গু প্ত

  • জিন্দেগি তো না মিলেগি দোবারা
  • ২০২৬-০৫-৩০ ১১:১১:৫৮

নিজের জন্য কিছু করো জীবনদা
এই যে ফোকটে পাওয়া জীবন
খুচরো পয়সা নয়, যে হারিয়ে গেলে
ফের খুঁজে পেয়ে কুড়িয়ে নেবে।

ভাবছো -- এই যে লিখছি, আঁকছি
গাইছি, আবৃত্তি করে সবার মন জয় করছি
এসবই তো আমার নিজের জন্যই করছি।
তুমি যে কি আহাম্মক জীবনদা!

ফুল কখনও নিজের জন্য ফোটেনা
পাখিও কখনওই নিজের জন্য গায়না
তুমি শোনানি এসব কখনও?
তুমি কি ভাবলে, এই যে ময়ুরের এতো সুন্দর পেখম
সে শুধু ময়ুর নিজে আনন্দ পেতেই মেলে ধরে!

আমি ঠিক করেছি
এখন থেকে আমি আমার লেখা ডায়েরীর পাতাগুলো
কুটিকুটি করে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দেবো।
লিখবো, তবে শুধু নিজেরই জন্য।
সৃষ্টির আনন্দের ভাগ দেবোনা অন্যকে।

চলো এক নিশ্ছিদ্র অন্ধকারে
অনন্ত গভীর শব্দহীনতায় চলে যাই
এমন অন্ধকার, যেখানে সাতরঙা আলোর ঝলকে
দুচোখ নিজেকে খুঁজে পায়
এমন নিস্তব্ধতায় যাই চলো
যেখানে শব্দের মুখোমুখি বাস করে শুধুই শব্দেরা।

এক অনিকেত আনন্দে চলো খুঁজে ফিরি নিজেকেই।
জিন্দেগি তো না মিলেগি দোবারা।


এ জাতীয় আরো খবর