মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মার্কেটে ঢুকল হানিফ বাস,আহত কয়েকজন

  • ননীগোপাল, ঠাকুরগাঁও।
  • ২০২৬-০৫-২৯ ২৩:১১:২৭

ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে মার্কেটে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৯ মে) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের সুপারভাইজার গুরুতর আহত হওয়া ছাড়াও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘হানিফ এন্টারপ্রাইজ’-এর পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাস সকালে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকা অতিক্রম করছিল। এ সময় গোলচত্বরের পূর্ব দিক থেকে আকস্মিকভাবে একটি থ্রি-হুইলার (স্থানীয় ভাষায় ‘পাগলু’) বাসটির সামনে চলে আসে। থ্রি-হুইলারটিকে বাঁচাতে গিয়ে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
নিয়ন্ত্রণহীন বাসটি রাস্তার পাশে থাকা মসজিদ মার্কেটের ভেতরে ঢুকে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। বাসের সুপারভাইজার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এছাড়া বাসে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অবাধে ও বেপরোয়া গতিতে চলাচল করছে এসব অবৈধ তিন চাকার যানবাহন। দ্রুতগতির দূরপাল্লার বাস ও ভারী যানবাহনের সামনে হঠাৎ এসব থ্রি-হুইলার চলে আসায় প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে এবং মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ থ্রি-হুইলার ও ‘পাগলু’ চলাচল বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা।

 


এ জাতীয় আরো খবর