রবিবার, মে ২৪, ২০২৬

বিএনপি সমালোচনাকে সবসময় ভালোভাবে গ্রহণ করতে চায় : আলাল

  • ইসমাইল হোসেন সিরাজী
  • ২০২৬-০৫-২৩ ১৬:৪৮:০৩

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য এবং বিএনপি সমালোচনাকে সবসময় ভালোভাবে গ্রহণ করতে চায়। কিন্তু একটি রাজনৈতিক দলের ছোট বন্ধুরা যেভাবে ক্রমাগত আক্রমণাত্মক আচরণ করে যাচ্ছে, তা কোনও সুস্থ ধারার রাজনীতি হতে পারে না।
শনিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ‘মাদকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
রাজনীতিতে যুক্ত না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে অশ্রাব্য ভাষায় সমালোচনা করা হচ্ছে উল্লেখ করে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, যারা এই ধরনের নোংরা সমালোচনা করছে, তাদের মুখের ভাষা ও বডি ল্যাঙ্গুয়েজ (শরীরি ভাষা) দেখে আমাদের সন্দেহ হয়–এরা আসলে মাদকাসক্ত কি না।
আলোচনা সভায় মাদক চোরাচালান ও বিস্তারের পেছনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলে তিনি বলেন, শক্তিশালী রাজনৈতিক শক্তির কারণেই দেশ থেকে মাদক নির্মূল করা যাচ্ছে না।
একই সঙ্গে বর্তমান সমাজে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার পেছনে মাদককে অন্যতম প্রধান কারণ হিসেবে দায়ী করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা।
সভায় অপরাজেয় বাংলাদেশের সহ-সভাপতি খায়রুন্নাহার খানম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, বাস্তুহারা দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ড. আনিসুল আউয়াল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।
সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ জন কে স্মারক সম্মাননা প্রদান করা হয়। নগর উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, রাজনীতিবিদ ও সংগঠক হিসেবে এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মানবাধিকারে মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জুলাই যোদ্ধা হিসেবে ইসমাইল হোসেন সিরাজী সহ নেতৃবৃন্দকে স্মারক সম্মাননা প্রদান করা হয়।

 


এ জাতীয় আরো খবর