শনিবার, মে ৩০, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • চাঁদমামার দেশে সভ্যতার মৃতদেহ
  • ২০২৬-০৫-৩০ ১১:৩১:৫৮

অস্থিরতার নোনাজলে ভিজে গেছে শহরের চোখ,
নির্ঘুম রাত !  বালিশের নিচে গুঁজে রাখা অনুতাপ।
ডিজিটাল দাঁড়িপাল্লায় মাপে আজ বিবেকের ওজন,
শনিবার পার্টি জমে,
 মস্তিষ্কে জমে single মল্ট,স্কচের মেদ,
চিয়ার্স !  সেই শব্দে ডুবে যায় শিশুর কান্না।

সভ্যতার রক্তচাপ কম,
তবু অঙ্গবিকৃতির মতো ফুলে ওঠে বিজ্ঞাপনের উল্লাস।
বুদ্ধিজীবী টেবিলে বসে মেপে দেখে
অশ্লীলতা কোথা থেকে শুরু,
আর নিচের তলায়
মানুষেরা উচ্ছিষ্টের জন্য লড়ে সারমেয়ের সাথে।
হে অগ্রগতি ! এমন তো কথা ছিল না !

চেরা চোখে কামনার নীল আলো,
কিশোরীর লজ্জাবস্ত্র দাঁতে ছেঁড়ে !
আকাশছোঁয়া ভবনের নিচে চাপা পড়ে যায় অনাঘ্রাতা যুবতীর অধরা স্বপ্ন !
দাম্পত্যের অসুখে গর্ভবতী পৃথিবী,
জারজ সন্তানদের জন্ম দেয় রাতের শহর।
তবু কেউ প্রতিবাদ করে না,
আসলে চায়ের কাপে ঝড় উঠলেই তো বিপ্লবের দায় শেষ হয় !

একটা বোকা ছেলে এখনও চিৎকার করে !
সাম্রাজ্যবাদ নিপাত যাক!
একটা বুদ্ধিমান ছেলে ঠোঁট বাঁকিয়ে বলে !
কমিউনিজম নিছকই রোমান্টিক ফ্যান্টাসি !
আর বিজ্ঞানমনস্ক ছেলে হিসেব কষে জানায়
ঘুম কমলে ওবিসিটি বাড়ে।

হে পৃথিবী!
তুমি কবে প্রসব করবে মানবতার নতুন ভোর?
তোমার গর্ভস্রাব রক্তস্রাব মিশে গেছে ইতিহাসের পাতায়।
তবু দূরে কোথাও এক যুবতী জননী
খোকাকে কোলে নিয়ে আঙুল তোলে আকাশের দিকে !
আয় আয় চাঁদ মামা,
টিপ দিয়ে যা !

চাঁদ তখন ঝুঁকে আসে,
তিলতিল করে গলে পড়ে রুপোলি আলোয়,
মৃত সভ্যতার দেহে পড়ে একবিন্দু মানবতা,
শেষ জয়গানের মতো !
এক ঝলক আশার আলো।


এ জাতীয় আরো খবর