বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

হাসির মঞ্চে বিতর্কের আগুন: ভারতী সিংয়ের মন্তব্যে ‘বডিশেমিং’ অভিযোগ,অস্বস্তিতে আয়েশা খান

  • বিনোদন ডেক্স
  • ২০২৫-১২-১৭ ০৯:৪৯:০৬
ছবি: সংগৃহীত।

ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও উপস্থাপক ভারতী সিং দ্বিতীয়বার মাতৃত্বের অপেক্ষায় থাকলেও বর্তমানে তার সঞ্চালিত জনপ্রিয় শো ‘লাফটার শেফস’ (সিজন ৩) ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অনুষ্ঠানের এক পর্বে অভিনেত্রী আয়েশা খানের শারীরিক গঠন নিয়ে করা ভারতীর মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। নেটিজেনদের অভিযোগ, হাসির নামে প্রকাশ্য মঞ্চে ‘বডিশেমিং’ করেছেন তিনি।
সম্প্রতি শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিল শর্মা ও তার আসন্ন সিনেমা ‘কিস কিসকো পেয়ার করু ২’-এর পুরো টিম। চার নায়িকা-ওয়ারিনা হুসেন, আয়েশা খান, ত্রিধা চৌধুরী ও পারুল গুলাটি-নাচতে নাচতে মঞ্চে প্রবেশ করলে হঠাৎই ভারতী রসিকতার ছলে মন্তব্য করেন, আয়েশাকে দেখে তার নাকি কমেডিয়ান কৃষ্ণা অভিষেকের কথা মনে হচ্ছে, কারণ তিনি ‘লম্বা আর চওড়া’।
এই মন্তব্যের পরপরই দৃশ্যত অস্বস্তিতে পড়ে যান আয়েশা খান। তিনি নিজের পেট ঢাকার চেষ্টা করেন, যা দর্শকদের নজর এড়ায়নি। পরিস্থিতির গুরুত্ব বুঝে কপিল শর্মা সঙ্গে সঙ্গে ভারতীকে প্রশ্ন করেন—এটি প্রশংসা ছিল নাকি অন্য কিছু। একই সঙ্গে অভিনেত্রী পারুল গুলাটিও সরাসরি আপত্তি জানিয়ে বলেন, এ ধরনের কথা বলা একেবারেই ঠিক হয়নি।
সমালোচনার মুখে ভারতী বিষয়টিকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করে বলেন, তিনি নিজে অন্তঃসত্ত্বা থাকায় কথা ‘মুখ ফসকে’ বেরিয়ে গেছে। তবে এই ব্যাখ্যা নেটিজেনদের সন্তুষ্ট করতে পারেনি। অনেকেই মনে করছেন, একজন প্রতিষ্ঠিত নারী শিল্পীর কাছ থেকে অন্য নারীর শরীর নিয়ে এমন মন্তব্য অত্যন্ত অসম্মানজনক।
সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ব্যবহারকারী লিখেছেন, জাতীয় টেলিভিশনে এমন মন্তব্য হাস্যরস নয়, বরং অবমাননাকর। কেউ কেউ অভিযোগ তুলেছেন, শোতে ভারতীর আচরণ আগেও নারীদের প্রতি সংবেদনশীলতার অভাব দেখিয়েছে, আর এবার তা সীমা ছাড়িয়েছে।
উল্লেখ্য, ‘কিস কিসকো পেয়ার করু ২’ সিনেমার প্রচারণার অংশ হিসেবেই শোতে হাজির হয়েছিলেন কপিল শর্মা ও চার অভিনেত্রী। তবে সিনেমার প্রচারের বদলে সেই পর্ব এখন আলোচনায় এসেছে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেই।

কী-ওয়ার্ডস:ভারতী সিং বিতর্ক,লাফটার শেফস,আয়েশা খান


এ জাতীয় আরো খবর