বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন আসর সামনে রেখে শেষ মুহূর্তের দল গঠনে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের পরও স্কোয়াড আরও শক্ত করতে বিদেশি তারকাদের দলে টানছে দলগুলো। সেই ধারাবাহিকতায় উত্তরবঙ্গের দল রাজশাহী ওয়ারিয়র্স দলে নিয়েছে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশামকে।
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পরিচিত নিশাম এর আগেও বিপিএলে খেলেছেন। রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে তার। এবার রাজশাহীর জার্সিতে তাকে দেখা যাবে নতুন চ্যালেঞ্জ নিয়ে।
জানা গেছে, নিশামকে দলে নেওয়ার বিষয়ে শুরুতে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালেও আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। পরে রাজশাহী ওয়ারিয়র্স বেশি পারিশ্রমিকের প্রস্তাব দিলে তাতে সম্মতি দেন এই কিউই অলরাউন্ডার।
সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ সদস্য নিশাম টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে প্রমাণ করেছেন বারবার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৩ ম্যাচে ১৪৯ স্ট্রাইক রেটে ১০১০ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৫৬ উইকেট। তার অভিজ্ঞতা ও অলরাউন্ড সামর্থ্য রাজশাহীর দলকে ভারসাম্য দেবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
নিশামের পাশাপাশি রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, বিনুরা ফার্নান্দো, দুশান হেমন্থ ও জাহানদাদ খান। বিদেশি ও দেশি তারকাদের সমন্বয়ে আসন্ন বিপিএলে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই নামছে রাজশাহী।
কীওয়ার্ড:
বিপিএল ২০২৫
জিমি নিশাম
রাজশাহী ওয়ারিয়র্স