নির্জন এই পথটা জানে
কত জন কত পায়ের চিহ্ন, নিভৃতে চলা
হৃদয় নিনাদ, দীর্ঘশ্বাসের বুক ভরা নদী -
বুক ঢেকে দেয়া ধুলো হয়ে জেগে থাকে -
বুকের পাঁজরে তার। কত শত যুগ আর
বছর ক্ষনের সময়েরা গুনে
আকাশ তারার নাম
গুনে গুনে কত রাতজ্বলা নিশি
আঁধার অতলে মেশে।
পথ জানে শুধু পথের চিহ্ন অবশেষ হয়ে
অক্ষয় অনিমেষে রোদজ্বলা দিন ধূসর সূর্য হয়।
পথ জানে কেন আজন্ম অনুক্ষণ দেহ ভরা ক্ষত
হৃদ গহীনের রক্ত নহর নিয়ে
জীবন্মৃত শুয়ে থাকা তার-,
একাকী অনড় অরুণাচলের বেশে।
পথ জানে তার হাজার বাঁকের অন্তগহীন বাঁকে
কত অদেখা শত অজানার কাব্য লিখন লিখে।
পথ জানে তার হৃদয় মরুতে কত হাহাকার
দীর্ঘশ্বাসের ডানা মেলা পাখি ওড়ে
নীড় হারা কত বিরহী পথিক
ঘর খোঁজে আঁখিজলে।
পথ জানে নাতো কোথায় স্বজন
কোথায় ঠিকানা তার
কোথায় আকাশ গোধূলি রেখেছে
মায়াভরা এক ছায়ার চিহ্ন তার।