মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

নারী নির্যাতনকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি বিএনপির

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-১৪ ১৪:০৩:০৮
ছবি: সংগৃহীত।

নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার শাহবাগে আয়োজিত ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান’ প্রতিরোধে মৌন মিছিল-পূর্ব সমাবেশে তিনি বলেন, আইনের ফাঁকফোকর গলিয়ে কোনো ধর্ষক বা নারী নির্যাতনকারী যেন পার পেয়ে যেতে না পারে, সেই ব্যবস্থা নতুন করে শক্ত করা হবে।
নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌনমিছিল করেন। বক্তারা জানান, দেশে নারী নির্যাতনের ঘটনা বাড়লেও অনেক ক্ষেত্রে আইন প্রয়োগ দুর্বল থাকায় বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে।
সালাহউদ্দিন বলেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে নারীদের কর্মসংস্থান সীমিত করতে চায়, যা সমাজে বৈষম্য বাড়াবে। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান অনুযায়ী সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে, ধর্মীয় পরিচয় দিয়ে বিভাজন নয়।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি স্বাক্ষরিত প্রতিশ্রুতি অনুযায়ী অঙ্গীকারগুলো পূরণ করবে। পাশাপাশি সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী কোনো আইন বা আদেশ জারি হলে তা প্রতিহত করা হবে।
সমাবেশে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি ও রেহানা আক্তার শিরীনসহ নেত্রীরা বক্তব্য দেন।

কীওয়ার্ডঃ নারী অধিকার,বিএনপি প্রতিশ্রুতি,সহিংসতা প্রতিরোধ


এ জাতীয় আরো খবর