মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

নি লু ফা র জে স মী ন রু মা

  • আমি ঠিক থেকে যাবো
  • ২০২৬-০৭-২৮ ০৮:৫৩:৩৭

আমিতো অনেককাল আগেই মরে গ্যাছি
ভয়ংকর বিষন্নতা, সীমাহীন শূন্যতা আর অন্ধকার ঘর 
ও রাতের প্রতিটি প্রহর গুনে গুনে আমি এখনো 
বেঁচে আছি কেবল তোমার জন্যে, তোমার অপেক্ষায়।
যে পথটা বরাবরই আমার জন্য অমসৃণ ও রুক্ষ
সেই পথটাই আমাকে বেঁধে রেখেছে আজও
মৃত্যু পর্যন্ত মরে যেতে যেতেও
আমার সমস্ত শরীরে তোমার আটপৌরে ভালোবাসার
সুগন্ধ মেখে ঝড়-জল-বর্ষাতে।
আমার অভিমানটা না হয় মাঝেমধ্যে একটু বাড়ে
আবার কমেও;
নিঃশব্দে রাগে-অনুরাগে কখনো কখনো কপালে 
ভাঁজ ও পড়ে গুনে গুনে কয়েকটি 
আমার রাজশ্রী ভ্রু যদিও জায়গা ছেড়ে উঠে যায় 
খানিকটা উপরে!
তবুও তোমার ক্লান্ত শরীর ও ঝাপসা চোখের আবেদন নিয়ে আমাকে তোমার ভালোবাসতেই হবে, প্রতিদিন 
একমুঠো প্রেম জমিয়ে রাখতে হবে 
তোমার ঘুমিয়ে পড়া শিথানের কোণে বড়ো আদরে।
তাই বলছি, আমার হাত দুটো ধরেই রেখো 
তোমার হাতের মুঠোয় শক্ত করে;
ভালোবাসা পেলে একটি ঝরা ফুলও চাঁদনী রাতের
মৃদু আলোয় সুগন্ধ ছড়াতে পারে 
শেষ বেলাতেও নতুন করে।
ভেবো না চলে যেতে চাইলেই তুমি চলে যেতে পারবে আমাকে ছেড়ে দূরে!
একদিন দেখবে তোমার সেই চলে যাওয়ার রাস্তায় 
দাঁড়িয়ে চোখের জল মুছতে মুছতেই আমি ঠিক 
থেকে গ্যাছি কিংবা থেকে যাবো...
আমার নরম গালে প্রেমের প্রবল রঙ ছড়িয়ে তোমার 
বুকের ঠিক মধ্যিখানে।
 


এ জাতীয় আরো খবর