বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৃত্তি বণ্টন: ছাত্র-ছাত্রী সমান হারে সুযোগ, গেজেট প্রকাশ ১৮ সেপ্টেম্বর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০২ ১৯:২১:১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতক (পাস) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরে নতুন বৃত্তির কোটা ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বছর ছাত্রছাত্রীদের সমান হারে বৃত্তি প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মেধা ও সাধারণ বৃত্তির সংখ্যা ও আর্থিক কাঠামো নতুন করে নির্ধারণ করা হয়েছে।
স্নাতক (সম্মান) পর্যায়ে থাকছে ১৮টি মেধাবৃত্তি এবং ৩৭৫টি সাধারণ বৃত্তি। মেধাবৃত্তিতে শিক্ষার্থীরা মাসে ১,১২৫ টাকা এবং বছরে ১,৮০০ টাকা অনুদান পাবেন। অন্যদিকে সাধারণ বৃত্তির মাসিক হার নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা ও বার্ষিক অনুদান ৯০০ টাকা। এসব বৃত্তি এক বছরের জন্য কার্যকর থাকবে।
স্নাতক (পাস) পর্যায়ে দেওয়া হবে ৯টি মেধাবৃত্তি ও ৩০০টি সাধারণ বৃত্তি। এখানে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ১,০৫০ টাকা এবং বছরে ১,৮০০ টাকা পাবেন। সাধারণ বৃত্তির ক্ষেত্রে মাসিক ৩৭৫ টাকা ও এককালীন ৬০০ টাকা দেওয়া হবে। এসব বৃত্তির মেয়াদ দুই বছর।
প্রতিটি জেলায় সমান হারে দু’জন ছাত্র ও দু’জন ছাত্রী সাধারণ বৃত্তি পাবেন। এছাড়া অতিরিক্ত ৪৪টি বৃত্তি মেধার ভিত্তিতে বণ্টন হবে।
অফিস আদেশে বলা হয়, মেধা ও সাধারণ বৃত্তির ৫০ শতাংশ কোটা ছাত্রদের জন্য এবং ৫০ শতাংশ ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে যোগ্য ছাত্রী না পাওয়া গেলে সেই আসন ছাত্রদের দেওয়া যাবে। বৃত্তি পেতে হলে শিক্ষার্থীদের অবশ্যই উচ্চতর শ্রেণিতে ভর্তি হতে হবে।
আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে তা মহাপরিচালকের দপ্তরে পাঠাতে হবে। একইসঙ্গে নির্ধারিত এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য সঠিকভাবে এন্ট্রি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
শর্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিজ নামে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ, নগদ ইত্যাদি) গ্রহণযোগ্য হবে না। তথ্য প্রদানে ভুল হলে প্রতিষ্ঠান প্রধানকে দায়ী করা হবে।

কীওয়ার্ডস: জাতীয় বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫,মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি,মাউশি বৃত্তি কোটা,স্নাতক সম্মান বৃত্তি,বৃত্তির গেজেট প্রকাশ


এ জাতীয় আরো খবর