মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট,লড়াইয়ে মির্জা ফখরুল ও অলি আহমেদ

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-১৮ ১৯:৫৪:১৩
ছবি: সংগৃহীত।

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় আগামী ২০ আগস্ট তাদের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
আখতার আহমেদ বলেন, প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতার নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে দেশ। এই নির্বাচনকে ঘিরে সবার মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। এবার মোট ভোটার ৩৪৯ জন। প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভোট শুরুর আগে সংসদ সদস্যদের ভোট প্রদানের নিয়ম সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। এরপর শুরু হবে ব্যালটে ভোটগ্রহণ।
ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপার ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। ব্যালটের একটি অংশ সংরক্ষণযোগ্য অংশ হিসেবে থাকবে এবং অন্য অংশে ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে। সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন।
ব্যালট পেপারের ডান পাশে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর নাম বাংলা বর্ণমালার ক্রমানুসারে মুদ্রিত থাকবে। নির্ধারিত স্থানে স্বাক্ষর করে ভোট দেওয়ার পর ব্যালট নির্দিষ্ট বাক্সে জমা দিতে হবে।
আগামী ২০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। গণনার সময় মোট কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, কতটি ভোট বৈধ, কতটি বাতিল এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে-এসব হিসাব করা হবে।
ইসি সচিব বলেন, বৈধ ভোটের মধ্যে যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, প্রধান নির্বাচনী কর্মকর্তা প্রাথমিকভাবে সংসদ কক্ষেই তাকে বিজয়ী ঘোষণা করবেন। পরবর্তী সময়ে নির্বাচনের ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব প্রাথমিক ফল ঘোষণা করা হবে। এ জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যতটুকু সময় প্রয়োজন, সেটুকুই নেওয়া হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের পুরো প্রক্রিয়াটি চারটি ধাপে সম্পন্ন হচ্ছে-মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং ভোটগ্রহণ। এর মধ্যে মঙ্গলবার তৃতীয় ধাপ শেষ হয়েছে। এখন অপেক্ষা শুধু ভোটগ্রহণের।
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করায় এবারের নির্বাচন দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করছে।

রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুল, অলি আহমেদ


এ জাতীয় আরো খবর