রবিবার, আগস্ট ১৬, ২০২৬

খুলনা-বরিশাল-চট্টগ্রাম অঞ্চলের সীমানা শুনানি শুরু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-২৫ ১১:৪৯:৪২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) দ্বিতীয় দিনের সীমানা সংক্রান্ত শুনানি আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। 
রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি শুরু হয়। শুনানি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
আজকের শুনানিতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন আসনের দাবি ও আপত্তি নিয়ে আলোচনা করা হচ্ছে। সকালে সাতক্ষীরা-৩, ৪ এবং যশোর-৩, ৬ আসনের শুনানি অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাগেরহাট-১, ২ ও ৩ আসনের শুনানি নির্ধারিত রয়েছে। বিকেলে ঝালকাঠি-১, বরগুনা-১ ও ২, পিরোজপুর-১, ২, ৩, চট্টগ্রাম-৩, ৫, ৮, ১৯, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান আসনের শুনানি হবে।
শুনানিতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছাড়াও আবেদনকারীরা নিজেরাও উপস্থিত থেকে বক্তব্য দিচ্ছেন। ইসি সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য শুনে আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষ সমাধানের আশ্বাস দিয়েছে।
এর আগে রোববার প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ৬টি জেলার ১৮টি আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত ৮১১টি আবেদন নিষ্পত্তি করেছে ইসি। এর মধ্যে ছিল ৪২৯টি আপত্তি ও ৩৮২টি পরামর্শ।
আগামীকাল মঙ্গলবার ঢাকা অঞ্চলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আসনগুলো এবং বিকেলে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন আসনের শুনানি হবে।
২৭ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের শুনানি অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ১০ আগস্ট পর্যন্ত মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়েছে। সবগুলো নিষ্পত্তি করেই সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।

কীওয়ার্ডস:নির্বাচনকমিশন,জাতীয়সংসদনির্বাচন,সীমানাপুনর্নির্ধারণ,বাংলাদেশরাজনীতি


এ জাতীয় আরো খবর