সোমবার, মে ২৫, ২০২৬

ট্রাম্প-পুতিন বৈঠকে অগ্রগতি হলেও সমঝোতা হয়নি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৮-১৬ ১১:২২:২৫
ছবি: সংগৃহীত।

আলাস্কার আঙ্কোরেজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত বৈঠক শেষ হয়েছে। 
তবে ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বৈঠককে ‘খুবই ফলপ্রসূ’ আখ্যা দিলেও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো যায়নি বলে স্বীকার করেছেন। অন্যদিকে, পুতিন এই বৈঠককে সংঘাত অবসানের একটি ‘শুরু বিন্দু’ হিসেবে উল্লেখ করেন এবং সংঘাতের ‘মূল কারণগুলো’ দূর করার প্রয়োজনীয়তার কথা বলেন।
দীর্ঘ বৈঠকের পর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে জানান, কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে, তবে এখনও বেশ কয়েকটি বিষয় অমীমাংসিত রয়ে গেছে। 
সংবাদ সম্মেলনের মঞ্চে তাদের পেছনে লেখা ছিল ‘শান্তির সন্ধান’। কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা আসেনি।
বিবিসি জানিয়েছে, ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, তবে আলাস্কা থেকে সেই সাফল্য তিনি পাননি। 
অন্যদিকে, পুতিন দাবি করেন, ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো যেন শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করে। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের পথে এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, ২০২২ সালে রাশিয়ার পূর্ণ মাত্রার সামরিক অভিযান শুরুর পর এটাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের প্রথম সাক্ষাৎ। 
পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ থাকলেও তিনি যুক্তরাষ্ট্রে এসে বৈঠক করে মস্কো ফিরে গেছেন।
ট্রাম্প বৈঠকের পর বলেন, তিনি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো নেতাদের সঙ্গে অচিরেই কথা বলবেন। 
তিনি আরও জানান, হয়তো শিগগিরই আবারও পুতিনের সঙ্গে বৈঠক হবে।

কীওয়ার্ডস:
ট্রাম্প পুতিন বৈঠক, ইউক্রেন যুদ্ধ, আলাস্কা সম্মেলন, শান্তি আলোচনা


এ জাতীয় আরো খবর