সোমবার, আগস্ট ২৪, ২০২৬

দুদকের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৮-০৭ ১২:৪৪:৩৭
ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ড. নাজমুল হাসান কলিমুল্লাহ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি দক্ষিণ বিভাগের যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, “দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে মামলার তদন্তের অংশ হিসেবে কলিমুল্লাহকে গ্রেপ্তারের জন্য রিকুইজিশন দেওয়া হয়। সেই অনুযায়ী মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।”
তিনি আরও বলেন, “দুদকের তদন্তাধীন একটি মামলায় সাবেক উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। তাকে বর্তমানে গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে এবং দুদকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।”
ড. নাজমুল হাসান কলিমুল্লাহ দীর্ঘদিন ধরেই নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, অর্থ অপব্যবহার, স্বজনপ্রীতি, অপ্রয়োজনীয় ভ্রমণ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে। এসব বিষয়ে গণমাধ্যম ও বিভিন্ন মহল থেকে তদন্তের দাবি ওঠে।
দুদক সূত্রে জানা গেছে, ওই অভিযোগগুলোর কয়েকটি তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হলো।
সাবেক এই ভিসির গ্রেপ্তারের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে “প্রশংসনীয় পদক্ষেপ” বলে উল্লেখ করছেন, আবার কেউ অভিযোগ করছেন, "উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতার অভাবই এই ধরনের ঘটনার জন্ম দেয়।"
দুদক সূত্রে জানানো হয়, গ্রেপ্তারকৃত কলিমুল্লাহর বিরুদ্ধে দায়ের করা মামলাটি এখন চূড়ান্ত তদন্তপর্বে রয়েছে। প্রয়োজনীয় তথ্য যাচাই ও জবানবন্দি গ্রহণের পরই তাকে আদালতে তোলা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, কলিমুল্লাহকে দুদকে হস্তান্তরের পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে রিমান্ডের আবেদন করা হতে পারে। এছাড়া আরও কোনো সহযোগী ব্যক্তি এই মামলার সাথে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কীওয়ার্ডস:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসি গ্রেপ্তার, নাজমুল হাসান কলিমুল্লাহ দুর্নীতি, দুদক মামলা গ্রেপ্তার, সাবেক উপাচার্য গ্রেপ্তার বাংলাদেশ, DB পুলিশের অভিযান


এ জাতীয় আরো খবর