সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ভাঙনের সুর ‘পাওয়ার কাপল’-এ: নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন শোয়েন্সটেইগার ও ইভানোভিচ

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৭-২৪ ১৮:০৮:০২
ছবি সংগৃহিত

এক সময়ের ক্রীড়াজগতের রোমান্টিক আইকন, জার্মান ফুটবল তারকা বাস্তিয়ান শোয়েন্সটেইগার ও সাবেক সার্বিয়ান টেনিস কুইন আনা ইভানোভিচের নয় বছরের সংসার ভেঙে গেল আনুষ্ঠানিকভাবে। তাদের বিচ্ছেদের খবর এখন শুধু ইউরোপ নয়, ক্রীড়াপ্রেমী সারা বিশ্বে আলোড়ন তুলেছে।
জার্মান সংবাদমাধ্যম বিল্ড-কে দেওয়া এক বিবৃতিতে ইভানোভিচের আইনজীবী বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। অনেক চেষ্টার পরও পারস্পরিক মতপার্থক্য কাটিয়ে উঠতে না পারায় অবশেষে ভাঙনের পথেই হাঁটলেন এই ‘পাওয়ার কাপল’।
শোয়েন্সটেইগার-ইভানোভিচ জুটির রূপকথার প্রেম শুরু হয়েছিল ২০১৪ সালে। তখন দুজনই ছিলেন নিজ নিজ ক্রীড়াক্ষেত্রের শীর্ষে। বাস্তিয়ান তখন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা, আর ইভানোভিচ ছিলেন গ্র্যান্ডস্লাম জয়ী সাবেক বিশ্বনম্বর এক।
২০১৬ সালে বিয়ের পর কোর্টকে বিদায় জানান ইভানোভিচ। পুরোপুরি সংসারে মন দেন তিনি। একে একে তিন সন্তানের মা হন এই সার্বিয়ান টেনিস সুন্দরী। অন্যদিকে শোয়েন্সটেইগার মাঠের বাইরে গিয়ে বেছে নেন টিভি বিশ্লেষকের জীবন। তার পেশাদারিত্বের পরিধি বিস্তৃত হলেও, সংসার নিয়ে তৈরি হয় টানাপোড়েন।
ইভানোভিচের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, বিগত কয়েক বছর ধরে তাদের মধ্যে তৈরি হয় মানসিক দূরত্ব। পরিবারের ভারসাম্য রক্ষায় আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন ইভানোভিচ। শোয়েন্সটেইগারের বিশ্বজুড়ে ব্যস্ততা, সন্তানদের বেড়ে ওঠা এবং একাকীত্ব মিলিয়ে ইভানোভিচ ছেলেমেয়েসহ দীর্ঘদিন সার্বিয়ায় বসবাস করছিলেন।
কিন্তু শেষ আঘাত আসে একটি গুঞ্জন থেকে। বুলগেরিয়ান নারী সিলভার সঙ্গে শোয়েন্সটেইগারের ঘনিষ্ঠতা নিয়ে যখন খবর ছড়িয়ে পড়ে, তখনই বিচ্ছেদের সিদ্ধান্ত আরও দৃঢ় হয়। যদিও এ নিয়ে শোয়েন্সটেইগার এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
তাদের ভাঙন ভক্তদের জন্য শুধু এক তারকাজুটির বিচ্ছেদ নয়, বরং এক রোমান্টিক অধ্যায়ের সমাপ্তি। ফুটবল ও টেনিস ভক্তরা তাদের যুগল মুহূর্ত, পারিবারিক হাসিমুখ ও মাঠের বাইরের আন্তরিকতা ভুলবে না সহজে।
জীবনের ভিন্ন পথে যাত্রা শুরু করলেও, তাদের সন্তানরাই এখন এই দুই তারকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধন। ভবিষ্যতে সন্তানদের স্বার্থেই হয়তো সৌজন্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন দুই তারকা।

কিওয়ার্ডস : শোয়েন্সটেইগার আনা ইভানোভিচ বিচ্ছেদ,জার্মান ফুটবল তারকা ডিভোর্স,সার্বিয়ান টেনিস প্লেয়ার সংসার,স্পোর্টস পাওয়ার কাপল ২০২৫,শোয়েন্টসটেইগার পরকীয়া গুঞ্জন


এ জাতীয় আরো খবর