রবিবার, অক্টোবর ৪, ২০২৬

এলপিজির ১২ কেজি সিলিন্ডারে এক লাফে ২৫২ টাকা বাড়ল দাম

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-১০-০৪ ১৮:৪৩:১৩

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম এক ধাক্কায় ২৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন নির্ধারিত দামে গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়।
এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল নিয়ন্ত্রক সংস্থা। আগস্টে একই সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। এক মাসের ব্যবধানে দাম কমার পর অক্টোবরের শুরুতেই বড় ধরনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত এলো।
নতুন দাম কার্যকর হওয়ার পর বাজারে নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি হচ্ছে কি না এবং কেউ কৃত্রিম সংকট তৈরি করছে কি না, তা তদারকিতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলায় একযোগে বিশেষ অভিযান চালানো হয়। ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের বিক্রেতাদের প্রতিষ্ঠানে এ তদারকি করা হয়।
অভিযানে অধিদপ্তরের ২৩টি দল অংশ নেয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা, বিক্রয় রসিদ বা ভাউচার সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার রাখাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলপিজির সরবরাহ সচল রাখতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিক্রেতারা যাতে অতিরিক্ত সিলিন্ডার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি বিক্রয়কেন্দ্রে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ আদায়, মজুত বা অন্য কোনো অনিয়মের শিকার হলে ভোক্তারা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে পারবেন। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী দিনগুলোতেও তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সরকার।

এলপিজি, দাম বৃদ্ধি, ভোক্তা অধিকার


এ জাতীয় আরো খবর