বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

বিশ্বজয়ের স্বপ্নে বিভোর খুলনার উদীয়মান কাবাডি কোর্টের তারকা 'সওদা বিনতে বাবুল'

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-১০-০১ ১৯:১৮:২২

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির অঙ্গনে নতুন আশা ও স্বপ্নের বার্তা নিয়ে আত্মপ্রকাশ ঘটেছে উদীয়মান মহিলা কাবাডি খেলোয়াড় সওদা বিনতে বাবুল-এর। খেলাধুলার প্রতি অদম্য নিষ্ঠা, আত্মবিশ্বাস ও মেধার স্বাক্ষর রেখে ইতিমধ্যেই সে নিজের নাম কাবাডিপ্রেমীদের মনে গেঁথে নিয়েছে।  
গত ২৬ জুলাই ২০২৬ তারিখে ঢাকার মিরপুরে অবস্থিত 'শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম'-এ অনুষ্ঠিত "নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬" কাবাডি প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করে সওদা বিনতে বাবুলের দল। ক্রীড়া পরিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বিভাগীয় পর্যায়ের এই টুর্নামেন্টে সওদার প্রিয় খুলনা দল চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ট্রফি ও মেডেল হাতে সওদার গর্বিত হাসির মুহূর্তটি খুলনা তথা দেশের অনগ্রসর ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।  
খুলনা জেলার খানজাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়নে বসবাস সওদা বিনতে বাবুলের, পিতা শেখ বাবুল হোসেন একজন মোটর মেকানিক, তিন ভাই বোনের মধ্যে ছোট সওদা।
কাবাডি খেলায় সওদার লক্ষ্য অনেক দূরগামী। সে শুধু স্থানীয় বা জাতীয় পর্যায়েই সীমাবদ্ধ থাকতে চায় না; তার মূল লক্ষ্য হলো লেখা পড়ার পাশাপাশি ভবিষ্যতে কঠোর পরিশ্রম ও সাধনার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং বিশ্বের সেরা কাবাডিয়ানদের একজন হওয়া। কাবাডি কোর্টে তার মেধা, শারীরিক সামর্থ্য এবং কৌশলগত দক্ষতায় একটি বিশাল সম্ভাবনার ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে।  
উদীয়মান এই কৃতি খেলোয়াড়ের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার পরিবার, শুভাকাক্সক্ষী এবং ক্রীড়ামোদী সাধারণ মানুষ দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন। সঠিক দিকনির্দেশনা ও সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে সওদা বিনতে বাবুল একদিন বিশ্ব কাবাডিতে বাংলাদেশের পতাকা লাল-সবুজের উচ্চতায় তুলে ধরবে ইনশাআল্লাহ-এমনটাই সবার প্রত্যাশা।   

 


এ জাতীয় আরো খবর