রবিবার, অক্টোবর ৪, ২০২৬

বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণবার, ঢাকায় প্রায় ১৬ কোটি টাকার সোনা উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-১০-০৪ ২২:০২:০৩
ছবি: সংগৃহীত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন কর্মকর্তারা। দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইট রানওয়েতে পৌঁছানোর পর দুই বিমানকর্মীর চলাফেরায় সন্দেহ দেখা দিলে তাদের তল্লাশি করা হয়।
তল্লাশির সময় তাদের পরা জুতার ভেতরে বিশেষভাবে লুকানো স্বর্ণবারের সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম।
কর্মকর্তারা বলছেন, বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণ লুকিয়ে আনার কৌশলটি চোরাচালানের একটি অভিনব পদ্ধতি। উদ্ধার হওয়া স্বর্ণ কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, এর পেছনে কারা রয়েছে এবং ঢাকায় কার কাছে চালানটি পৌঁছে দেওয়ার কথা ছিল-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টদের মাধ্যমে সংঘবদ্ধ কোনো চক্র স্বর্ণ পাচারের চেষ্টা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা জানতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ তদন্ত চালিয়ে যাচ্ছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্বর্ণবার উদ্ধার,বিমানবন্দর,চোরাচালান


এ জাতীয় আরো খবর